আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য বহু প্রতীক্ষিত মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষের মাত্র ১০ দিনের মাথাতেই ঘোষণা করা হল এই মেধাতালিকা এবং আসন বন্টনের ফলাফলও। আজ প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে। আবেদনকারীরা কেন্দ্রীয় পোর্টাল wbcap.in-এ গিয়ে নিজেদের নাম ও কোন কলেজ আসন বরাদ্দ হয়েছে, তা দেখে নিতে পারবেন।
উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, প্রথম দফার মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়াদের আগামী ১৫ জুনের মধ্যে অনলাইন পোর্টালে গিয়ে বরাদ্দ আসন গ্রহণ করতে হবে। পাশাপাশি, নির্ধারিত কলেজে ভর্তির ফিও জমা দিতে হবে। সেরে ফেলতে হবে ভর্তির প্রাথমিক প্রক্রিয়া।
প্রকাশিত আসন বণ্টন বা 'সিট অ্যালটমেন্ট'-এর তালিকায় আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকায় কোনও ভুলত্রুটি থাকলে পড়ুয়াদের শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তালিকায় যা যা রয়েছে:
কীভাবে মেধা তালিকা ও 'সিট অ্যালটমেন্ট' দেখবেন?
শিক্ষার্থীরা নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে নিজেদের মেধা তালিকা এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবেন:
১। প্রথমে ডব্লিউবিক্যাপ-এর ওয়েবসাইট wbcap.in-এ যেতে হবে।
২। হোমপেজে থাকা 'স্টুডেন্ট লগইন' অপশনে ক্লিক করতে হবে।
৩। নিজেদের নথিভুক্ত ই-মেল আইডি বা অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৪। লগইন করার পর 'অ্যাডমিশন ড্যাশবোর্ড' স্ক্রিনে দেখা যাবে।
৫। ড্যাশবোর্ডে থেকে কোন কলেজ এবং কোন কোর্স বরাদ্দ করা হয়েছে, তা দেখে নেওয়া যাবে।
৬। স্ক্রিনে নিজেদের মেরিট র্যাঙ্ক (জিএমআর ও সিএমআর)-ও দেখা যাবে।
৭। ভবিষ্যতের প্রয়োজনের জন্য আসন বরাদ্দের চিঠিটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় পোর্টালে আসন বণ্টন করা হয়েছে পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, রেজিস্ট্রেশনের সময় দেওয়া কলেজের পছন্দক্রম এবং সংশ্লিষ্ট কলেজে আসন ফাঁকা থাকার উপর ভিত্তি করে।
যদি কোনও পড়ুয়া প্রথমে পছন্দের কলেজ না পেয়ে থাকেন, তবে তিনি পোর্টালে 'আপগ্রেডেশন' অপশন বেছে নিতে পারেন। এর ফলে পরবর্তী রাউন্ডে তাঁর বেশি পছন্দের কলেজে আসন পাওয়ার সুযোগ থাকবে। আগামী ২০ জুন 'আপগ্রেডেশন' রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে।
অনলাইন ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের সশরীরে নির্দিষ্ট কলেজে গিয়ে নথিপত্র যাচাই করাতে হবে। রাজ্যের কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৬ জুলাই থেকে।
উল্লেখ্য, গত ১৮ মে থেকে ৩০ মে পর্যন্ত অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের ভর্তির আবেদন জমা নেওয়া হয়। চলতি বছরে রাজ্যের ৪৬০টি সরকার এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জানাতে পারেন পড়ুয়ারা।