বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমে সলিলসমাধি দুই নাবালিকার, আশঙ্কাজনক আরও তিন
News18 বাংলা | ১০ জুন ২০২৬
পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ নাবালিকার। আশঙ্কাজনক আরও ৩। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের কৈজুরী পশ্চিমপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই নাবালিকা। পুকুরে স্নান করতে নেমে পাঁচ শিশু জলে তলিয়ে গেলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যায় পাঁচজন নাবালক-নাবালিকা। স্নান করার সময় হঠাৎ তারা জলের গভীরে চলে যায় এবং তলিয়ে যেতে শুরু করে। তাদের মধ্যে ২ জন কয়েকজন কোনওমতে পুকুর থেকে উঠে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
এরপর তড়িঘড়ি উদ্ধার অভিযান চালিয়ে জলে তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হল পরি মণ্ডল (৮) এবং দিশা মণ্ডল (৭)। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। অন্যদিকে, উদ্ধার হওয়া বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন।
প্রাথমিকভাবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারগুলির উদ্বেগ এখনও কাটেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। মৃত দুই নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।