• ডায়াবেটিস রোগীদের জন্য অমৃত 'এই' ফল, গরমে খেলে শরীরে জলের অভাব হবে না
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • আম ও লিচুর জন্য বিখ্যাত মালদহের বাজারে এবার নজর কেড়েছে আর এক গ্রীষ্মকালীন ফল তালশাঁস। শহরের বড় বাজার থেকে অলিগলি, সর্বত্রই দেখা মিলছে তালশাঁসের পসরা। আম ও লিচুর ভিড়ের মধ্যেও ক্রেতাদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ফল। প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখা এবং তৃষ্ণা মেটানোর জন্য তালশাঁসের চাহিদা এখন টেক্কা দিচ্ছে জেলার আমকে।

    তালশাঁস প্রেমী এক ক্রেতা জামির হোসেন বলেন, “গরমে স্বস্তি পেতে এবং শরীরকে সতেজ রাখতে তালশাঁসের জুড়ি নেই। এই সময় প্রায় প্রতিদিনই তালশাঁস খাই। শরীর ঠান্ডা রাখতে এটি খুবই উপকারী। আমের পর এখন তালশাঁসের বিক্রিই বেশি চোখে পড়ছে।” তালশাঁস বিক্রেতা ছোটন মণ্ডল জানান, “গ্রামাঞ্চল থেকে তালশাঁস সংগ্রহ করে শহরের বাজারে বিক্রি করি। এখন ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।

    বর্তমানে কুড়ি টাকায় পাঁচটি করে তালশাঁস বিক্রি করছি।” কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফল বিশেষজ্ঞ ড. শিবম জানান, “তালশাঁস শুধু সুস্বাদুই নয়, অত্যন্ত পুষ্টিকরও। এতে প্রায় ৯০ শতাংশ জলীয় অংশ থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।’

    বিশেষজ্ঞদের মতে, গরমে ডিহাইড্রেশন বা শরীরে জলের ঘাটতি দূর করতে তালশাঁস কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া ওজন নিয়ন্ত্রণ, ত্বকের যত্ন, শরীরকে শীতল রাখা এবং হজমশক্তি উন্নত করতেও এটি উপকারী। তবে ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে তালশাঁস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের দিনে প্রাকৃতিক পুষ্টি ও স্বস্তির খোঁজে তাই মালদহবাসীর পছন্দের তালিকায় দ্রুত জায়গা করে নিচ্ছে তালশাঁস।
  • Link to this news (News18 বাংলা)