দিঘা জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তনকে স্বাগত জানালেন প্রধান পুরোহিত
News18 বাংলা | ১০ জুন ২০২৬
কলকাতা: দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত এবং ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘দীঘা জগন্নাথ ধাম’-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘দীঘা জগন্নাথ মন্দির’ করার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে রাধারমণ দাস বলেন, “আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজির এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলোচনা করেছিলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এখন থেকে এই মন্দির ‘দীঘা জগন্নাথ মন্দির’ নামে পরিচিত হবে।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে।
“প্রভু জগন্নাথ সমগ্র বিশ্বের, কিন্তু তাঁর চিরন্তন আবাস পবিত্র ওডিশা ভূমিতে। যদি এই নাম পরিবর্তনের ফলে ওডিশার মানুষের আনন্দ বৃদ্ধি পায় এবং তাঁদের ভাবাবেগের মর্যাদা রক্ষা হয়, তবে আমরা সত্যিই আনন্দিত। সর্বোপরি, আমরা সবাই এক বৃহৎ সনাতনী পরিবার, যাদের একসূত্রে বেঁধে রেখেছেন প্রভু জগন্নাথের প্রতি ভক্তি।”
রাধারমণ দাস জোর দিয়ে বলেন, এই নাম পরিবর্তনকে মতবিরোধের বিষয় হিসেবে দেখা উচিত নয়; বরং এটি দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে আধ্যাত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি সুযোগ।
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে বিজেপি সাংসদের সঙ্গে সাক্ষাৎপর্ব শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রীর তরফে একটা চিঠি নিয়ে এসেছেন পুরীর সাংসদ, ওরিষা থেকে জগন্নাথ ধামের একটা মূর্তি নিয়ে এসেছেন। আমি ও একটা মা কালীর মূর্তি দিলাম ওনাকে।’’
প্রসঙ্গত পুরীর সাংসদের সম্বিৎ পাত্র আজ বলেন, ‘‘আপনাদের সবাই কে জয় – জগন্নাথ। আমি আজ দূত হিসাবে এসেছি। ওড়িশা-এর মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে এসেছি। আপনার সবাই জানেন ২০২৫ সালে তৎকালীন সরকার দীঘা তে একটা মন্দির করেছিল সেটার নাম জগন্নাথ ধাম করেছিল। যত বেশি মন্দির হবে সেটা ততো ভালো। কিন্তু অনন্ত কাল ধরে সনাতন ধর্মে চার ধাম আছে তার মধ্যে আছে পুরীর জগন্নাথ ধাম।’’
এরপরেই এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রীর তরফে একটা চিঠি নিয়ে এসেছেন পুরীর সাংসদ, ওড়িশা থেকে জগন্নাথ ধামের একটা মূর্তি নিয়ে এসেছেন। আমি ও একটা মা কালীর মূর্তি দিলাম ওঁকে। ওড়িশার মুখ্যমন্ত্রীর তরফে যে চিঠি এসেছে, আমি ও মুখ্যসচিব চিঠি স্বীকার করেছি। দিঘা যে আগের সরকার যেটা বানিয়েছিল ইসকন-এর হাতে সব দেওয়া আছে। আগের সরকার অনুমোদন শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নাম করেছিল। ধাম শব্দ তুলে দেওয়া হবে। কালচারাল সেন্টার থাকবে।’’