তোলাবাজির টাকা না দেওয়ায় গু*লি! সিসিটিভিতে ধরা পড়তেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই
News18 বাংলা | ১০ জুন ২০২৬
তোলাবাজির টাকা না দেওয়ায় দোকানের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। সিসিটিভি খতিয়ে দেখে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি জীবন্ত কার্তুজ এবং একটি ব্যবহৃত কার্তুজ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বাংলা-বিহার সীমান্তবর্তী ভালুকা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুন ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, দুই ব্যক্তি তাঁর দোকানে এসে ৫০ হাজার টাকা তোলা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা দোকানের এক কর্মীকে লক্ষ্য করে খুনের উদ্দেশে গুলি চালায়। তবে ওই কর্মী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের অন্যান্য কর্মীদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দ্রুত দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতরা হল বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানার বাঁকুটোলা এলাকার রাম যাদব এবং মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর এলাকার সঞ্জয় যাদব। পুলিশ জানিয়েছে, রাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ভালুকার একটি মদের ঠেকে মদ্যপানের পর বচসায় জড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়াতে গুলি চালায়।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি জীবন্ত কার্তুজ ও একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত লাগোয়া এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের এই দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। একইসঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।