: মিরিকের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যের মাঝেই ফের সামনে এল বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থানের এক উদ্বেগজনক ছবি। মঙ্গলবার সকালে মিরিক পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাওলে এলাকার রাই ধাপে একটি লেপার্ড আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি নজরে আনেন এবং দ্রুত বন দফতরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। রেঞ্জার সিদ্ধার্থ গুরুংয়ের নেতৃত্বে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ প্রচেষ্টার পর ধাপে আটকে থাকা লেপার্ডটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীটি প্রায় দুই বছর বয়সী একটি স্ত্রী লেপার্ড। উদ্ধারের সময় লেপার্ডটির শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করা হয়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, লেপার্ডটির পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর তাকে উপযুক্ত ও নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। বনকর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।
তবে এই ঘটনা নতুন নয়। প্রায় নয় মাস আগেও একই রাই ধাপ এলাকা থেকে একটি লেপার্ড উদ্ধার করা হয়েছিল। একই জায়গায় বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে, ধাপের গঠন ও আশপাশের পরিবেশ এমন যে বন্যপ্রাণীরা সহজেই সেখানে আটকে পড়ছে। ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি সমাধানের দাবিও জোরালো হচ্ছে।
এই পরিস্থিতিতে বন দফতর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাই ধাপে নির্মিত জলাধার বা পুকুরটির সঠিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছে। পাশাপাশি জলাধারের চারপাশে ফেন্সিং বা অন্য কোনও সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শও দেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে লেপার্ডসহ অন্য বন্যপ্রাণীদের এমন বিপদের মুখে পড়তে হবে না এবং এলাকার মানুষের মধ্যেও নিরাপত্তাবোধ ফিরবে।