• উচ্ছেদ ঘিরে পরের পর মামলা, আজও শুনা‍নি
    এই সময় | ১০ জুন ২০২৬
  • এই সময়: রাজ্যে নতুন সরকারের বয়স মাস পেরোনোর মধ্যেই কলকাতা হাইকোর্টে সবচেয়ে বেশি মামলা হয়েছে সরকারের তরফে চলা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে। একদিকে নতুন নতুন মামলা দায়ের হচ্ছে, অন্য দিকে চলছে আগে দায়ের হওয়া মামলার শুনানি। কোন্নগর রেলবাজার খালি করার জন্যে রেলের জারি করা নোটিস চ্যালেঞ্জ করে দায়ের মামলার শুনানি হয় মঙ্গলবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর এজলাসে।

    এই মামলায় আদালত আপাতত রেলের দেওয়া নোটিস চ্যালেঞ্জ করে যে কয়েক জন মামলা করেছেন তাঁদের দোকানে কোনও ক্ষতি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। এই মামলায় রেলকে তাদের নোটিসে কিছু অস্পষ্টতার জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। আজ, বুধবার দুপুর দু’টোয় ফের এই মামলার শুনানি হবে।

    অন্য দিকে, কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় কসাইপাড়ায় একাধিক বাড়ি–সহ বেআইনি নির্মাণ ভাঙার নোটিস দিয়েছি‍‍ল পুরসভা। চলতি সপ্তাহেই ওই ভাঙার কাজ হওয়ার কথা। সেই নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শ’দেড়েক বাসিন্দা। এর আগে গত বছর দেওয়া এমন নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছিল, আবেদনকারীদের পুরসভার কাছে নোটিসে আপত্তি জানিয়ে আবেদন করতে হবে।

    পুরসভাকে সেই আবেদন বিবেচনারও নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী পদক্ষেপ করার পরেও কোনও সুরাহা না হওয়ায় আবেদনকারীরা সুপ্রিম কোর্টে যান। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই মামলার শুনানি হবে হাইকোর্টেই। সেই সূত্রেই এ দিন হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান আবেদনকারীদের আইনজীবী নিখিলকুমার গুপ্তা। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলার দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছেন। আজ, বুধবার শুনানির সম্ভাবনা।

    আবার যাদবপুরে রেল এলাকায় বেআইনি ভাবে উচ্ছেদের অভিযোগে দায়ের মামলার আজ, বুধবার শুনানি রয়েছে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর এজলাসে।

  • Link to this news (এই সময়)