• অশান্তিতে ইউএপিএ? সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
    এই সময় | ১০ জুন ২০২৬
  • এই সময়: এ বছরের গোড়ায় মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তিতে রাজ্যের নতুন সরকারের কী অবস্থান, তা জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ–তে মামলার সিদ্ধান্ত নিয়েছিল এনআইএ। সেই ডিসিশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আগের সরকার। এ নিয়ে বর্তমান সরকারের অবস্থান জানাতে হবে কাল, বৃহস্পতিবার পরবর্তী শুনানিতে।

    গত জানুয়ারিতে বেলডাঙার দুই পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে খুনের গুজবকে কেন্দ্র করে এলাকায় দিন দুয়েক ধরে ব্যাপক অশান্তি চলে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর থেকে বোমাবাজিও হয়।

    হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মঙ্গলবার ওই ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। রাজ্যের কৌঁসুলির কাছে আদালত জানতে চায়, এনআইএ–র ইউএপিএ ধারা প্রয়োগ নিয়ে আগের (তৃণমূল) সরকারের আপত্তি ছিল। এ নিয়ে বর্তমান সরকারের অবস্থান কী? রাজ্যের কৌঁসুলি জানান, নীতিগত ভাবে ওই ধারা প্রয়োগে আপত্তি নেই। তবে এর প্রক্রিয়াগত দিক নিয়ে সরকারি অবস্থান জানতে হবে।

    এনআইএ–র তরফে আইনজীবী অরুণ মাইতি জানান, ওই ঘটনার তদন্তভার অতীতে এনআইএ-কে দিয়েছিল হাইকোর্টই। সেই সিদ্ধান্ত বহাল থাকে সুপ্রিম কোর্টে। পরে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়। যার বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ কোর্টে গিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। এনআইএ-কে তদন্ত রিপোর্ট জমা দিতে বলার পাশাপাশি সংশ্লিষ্ট ধারা (ইউএপিএ) প্রযোজ্য কি না, সে ব্যাপারে কলকাতা হাইকোর্টের বেঞ্চই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশের ভিত্তিতেই এ দিন রিপোর্ট দেয় জাতীয় তদন্তকারী সংস্থা।

  • Link to this news (এই সময়)