এই সময়: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই ও ই-কেওয়াইসি প্রক্রিয়া শুরু হলো। ২৫ জুনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক তথ্যভাণ্ডারকে এ ব্যাপারে হাতিয়ার করা হয়েছে।
বিশেষ করে, অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা, রাজ্যের গরিব মানুষ বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের তালিকা তাঁদের সঙ্গে কথা বলে যাচাই করার জন্য বলা হয়েছে। এমনকী, জেলা শাসক, কলকাতা পুরসভা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি ব্লক ও পুরসভায় গ্রুপ-বি স্তরের অফিসার এবং ফিল্ড লেভেল কর্মীদের নিয়োগ করে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের যাচাই দ্রুত করতে হবে। প্রতিদিনের অগ্রগতি জেলা স্তরে নজরদারির আওতায় রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার ১ কোটি ২৪ লক্ষ ১,৫৩০ এবং অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনায় ১৬ লক্ষ ১৭ হাজার ৯০ জন রেশনের মাধ্যমে বিশেষ সুবিধা পান।