• ‘অভিমান থাকা ভালো, কিন্তু ইগোতে সম্পর্ক ভেঙে যায়’ : যিশু সেনগুপ্ত
    বর্তমান | ১০ জুন ২০২৬
  • হিন্দি জি ফাইভ-এর ক্রাইম থ্রিলার ‘ব্রাউন’ প্রশংসিত দর্শকমহলে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘অভিমান’। দুই প্রজেক্ট নিয়ে আড্ডায় অভিনেতা-প্রযোজক যিশু সেনগুপ্ত।

    • ‘অভিমান’-এর মাধ্যমে ছবির জগতে প্রথম প্রযোজনা করলেন, চ্যালেঞ্জ কী ছিল?
    •• টেলিভিশন আর ওটিটিতে আগেই প্রযোজনা করেছি। সেভাবে কিছু চ্যালেঞ্জ ছিল, বলব না। তবে নতুন অনেক কিছু শিখেছি। প্রেক্ষাগৃহ পৌঁছনো পর্যন্ত ছবির ক্ষেত্রে অনেকগুলি কাজ থাকে। বিষয়টা সহজ নয়। সেই পদ্ধতিগুলি জানছি। আসলে কোনো কাজই সহজ নয়, তাই নতুন করে শিখছি।

    • একজন সফল মানুষের জীবনে ‘অভিমান’ বেশি ক্ষতিকর না ‘অহংকার’?
    ••অবশ্যই অহংকার। ইগো কোনোকিছুর জন্যই ভালো নয়। অভিমান থাকা ভালো। কাছের মানুষদের প্রতি অভিমান করা যায়। কিন্তু ইগো মাঝখানে চলে এলেই সম্পর্কটা ভেঙে যায়।

    • ওটিটি প্ল্যাটফর্ম কি এমন গল্প বলার সুযোগ তৈরি করেছে, যা মূলধারার সিনেমায় সম্ভব নয়?
    •• অবশ্যই। ওটিটি এমন একটা জায়গা যেখানে যে গল্পগুলি আড়াই, তিন ঘণ্টার মধ্যে বলা সম্ভব নয় সেগুলি বলা যাচ্ছে। এছাড়াও অনেক ধারার গল্প রয়েছে, যেগুলি বড়োপর্দায় সাফল্য পাবে না।

    • ‘ব্রাউন’-এর মতো মনস্তাত্ত্বিক থ্রিলার এখনও কম তৈরি হচ্ছে কেন?
    •• দর্শকের চাহিদা। আসলে যেটা ভালো চলে, সেটাই পরপর তৈরি হতে থাকে। ‘ব্রাউন’ সম্পূর্ণ নতুন একটা দিক নিয়ে এক্সপ্লোর করেছে। দর্শক ভালোবাসলে এমন কাজ আরও হবে।

    • এই সিরিজে আপনি মনোবিদের ভূমিকায়। তাঁদেরও তো মানসিক অশান্তি থাকতে পারে?
    •• শুনেছি এমনটা হয়। তাঁরাও হয়তো তাঁদের বন্ধু মনোবিদের কাছে যান, পরামর্শ নেন (হাসি)।

    • কোনো চরিত্র থেকে বেরিয়ে আসতে কতক্ষণ সময় নেন?
    •• ‘কাট’ মানেই আমি চরিত্র ছেড়ে বেরিয়ে যাই। ওই জন্য আমি খুব মজা করে কাজ করি। অ্যাকশন আর কাটের মাঝের সময়টুকু কেবল চরিত্রদের মধ্যে থাকি।

    • পেশার প্রতিযোগিতা কি ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করে?
    •• (দীর্ঘশ্বাস ছেড়ে) এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে। কাজের জায়গায় আমার জ্ঞানত কোনো প্রতিযোগী আছে বলে জানা নেই। আমি প্রতিযোগিতায় বিশ্বাসী নই। এমন কেউ নেই যাঁর উপর আমার রাগ রয়েছে। আমার উপরও কারও রাগ রয়েছে বলে মনে হয় না। অন্যের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে নিজের সঙ্গে প্রতিযোগিতা করা ভালো। তাহলে আরও ভালো করে কাজ করার এনার্জি পাওয়া যায়।

    • করিশ্মা কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
    •• অসাধারণ। সম্পূর্ণ অন্যধারার করিশ্মাকে আবিষ্কার করলাম।

    • সাফল্য নাকি ব্যর্থতা, যিশুকে কোনটা বেশি ভাবায়?
    •• কোনোটাই নয়। নিজের কাছে ভালো থাকাই সবথেকে দামি। বাকি সবকিছু ঠিক থাকবে, যদি আমি ঠিক থাকি।
  • Link to this news (বর্তমান)