• হামলায় মৃত্যু মহিলার, আত্মরক্ষার্থে লেপার্ডকে গুলি উত্তরাখণ্ডে
    এই সময় | ১০ জুন ২০২৬
  • লেপার্ডের হামলায় এক মহিলার মৃত্যু উত্তরাখণ্ডের গ্রামে। পরে বন দপ্তরের কর্মীদের ছোড়া গুলিতে মারা যায় ওই লেপার্ডটি।

    মঙ্গলবার, বিকেলে উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল (Pauri Garhwal) জেলার কোট ব্লকের বাদি গ্রামের ঘটনা। লেপার্ডের হামলায় মৃত্যু হয় বছর ৫৫-এর এক মহিলার। মৃতের নাম প্রভা দেবী।

    জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে গ্রাম লাগোয়া মাঠে গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ক্ষণ না ফেরায় প্রভার খোঁজ করতে যান তাঁর স্বামী। মাঠেই প্রভা দেবীর দেহাংশ এবং রক্তের দাগ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি সতর্ক করেন গ্রামবাসীদের।

    এলাকার বাসিন্দাদের দাবি, লেপার্ডের হামলাতেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁরা খবর দেন বন বিভাগে।

    খবর পেয়ে জেলা সদর দপ্তর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের ওই গ্রামে যান বন বিভাগের আধিকারিক ও কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি শিকারিরাও। আধিকারিকরা জানিয়েছেন, ওই মহিলার শরীরের অবশিষ্ট অংশ খুঁজে বের করার জন্য বন বিভাগ, রাজস্ব বিভাগের আধিকারিক, পুলিশ এবং গ্রামবাসীরা যৌথ তল্লাশি অভিযান শুরু করে। ওই এলাকা থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত কাঠামোর মধ্যে পাওয়া হয় মহিলার দেহাংশ।

    গাড়ওয়ালের ডিভিশনাল ফরেস্ট অফিসার মহাতিম যাদব জানিয়েছেন, পরিত্যক্ত কাঠামোর পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ছিল লেপার্ডটি। বন কর্মীরা সেখানে পৌঁছতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে লেপার্ড আচমকা তাঁদের আক্রমণ করে। তখনই লেপার্ডটিকে গুলি করা হয়। তিনি বলেন, ‘মানুষের প্রাণ বাঁচাতে এবং আত্মরক্ষার্থে গুলি চালান বন বিভাগের শিকারিরা।’ তাঁর দাবি, মানুষের জীবন রক্ষার জন্য এছাড়া অন্য কোনও উপায় ছিল না।

    ওই লেপার্ডের হামলাতেই মহিলার মৃত্যু হয়েছিল কি না তাও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। আশেপাশে অন্য কোনও লেপার্ড আছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)