আরও চাপে অভিষেক, ডায়মন্ড হারবার থানাতেই দায়ের হল অভিযোগ! পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা
News18 বাংলা | ১০ জুন ২০২৬
আরও চাপে পড়লেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় নতুন করে অভিযোগ দায়ের হল৷ বিজেপি নেতা অভিজিৎ দাস এই অভিযোগ দায়ের করেছেন৷ ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিজিৎ৷
বিজেপি নেতার অভিযোগ, ২০১৮ সালের ২১ ডিসেম্বর একটি রাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় ডায়মন্ডহারবারে কপাটহাট মোড়ে তাঁর উপরে প্রাণঘাতী হামলা হয়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ই এই হামলার মূল চক্রী ছিলেন বলে অভিযোগ বিজেপি নেতার৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ মোট ছ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি৷
অভিজিৎবাবুর দাবি, ২০১৮ এবং ২০২৩ সালেও তিনি ডায়মন্ডহারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন৷ কিন্তু সেই সময় তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অভিজিৎ বাবুর৷ তাই রাজ্যে পালাবদলের পর পুনর্তদন্ত চেয়ে ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি৷
অভিযোগকারী অভিজিৎ দাস বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গিয়েছি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, জাহাঙ্গির সহ আরও কয়েকজন পরিকল্পনা করে এই হামলা চালিয়েছিল৷’
এর আগে রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রক্ষাকবচ পেলেও কলকাতা হাইকোর্ট নীতিশিক্ষা দিয়েছিল অভিষেককে৷ একজন দায়িত্বশীল নেতা হিসেবে কীভাবে তিনি এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তোলেন বিচারপতি৷
আবার বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল মামলাতেও চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই তিন বার সিআইডি-র হাজিরা এড়িয়েছেন তিনি৷