• তৃণমূলের চরম সঙ্কটে ভরসা সেই কংগ্রেস ! দিল্লিতে সোনিয়া সাক্ষাতে মমতা
    eTV Bharat | ১০ জুন ২০২৬
  • নয়াদিল্লি, 9 জুন: বিধানসভায় সই জালের ঘটনার তদন্তে সিআইডি যখন কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে হানা দিয়েছে, তখন নয়াদিল্লিতে দলের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনায় ব্যস্ত দুই নেত্রী সোনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷

    গতকালই রাজধানীতে একপ্রস্থ বৈঠক করেছে ইন্ডি-জোট ৷ সেখানে তৃণমূলের তরফে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে সেই সময় মমতার নাকের ডগায় মোতিলাল মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন তৃণমূলে থেকে এনডিএ সরকারকে সমর্থন করতে চাওয়া 20 জন সাংসদ ৷ তাঁরা তৃণমূলে থেকে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছেন, দাবি করেছেন বারাসতের কাকলি ঘোষ দস্তিদারের ৷

    এর আগে গত 3 জুন বিধানসভায় 58 জন তৃণমূল বিধায়কের একটি দল অধ্যক্ষ রথীন্দ্র নাথ বসুর কাছে চিঠি দিয়ে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মেনেছেন ৷ সেই চিঠিকে স্বীকৃতি দিয়েছেন অধ্যক্ষ ৷ সব মিলিয়ে রাজ্য ও কেন্দ্রে চরম সঙ্কটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল ৷ দু'দিকেই দলের ভাঙন এখন স্পষ্ট ৷

    এর মধ্যে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধির সঙ্গে 10 জনপথ রোডের বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, দুই নেত্রী আগামী দিনে নির্বাচনে লড়া থেকে শুরু করে দুই দলের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেছেন ৷ তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

    বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসের মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূল ৷ ইতিমধ্য়ে রাজ্যে তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ কংগ্রেসে যোগ দিচ্ছেন ৷ এই অবস্থায় ভোট-রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারে মমতার তৃণমূল, মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷

    গতকাল ইন্ডিয়া ব্লকের বৈঠকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিঙ্গনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল ও কংগ্রেস- দুই দলই ৷ 2029 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার লক্ষ্যেই এই বৈঠকে বলে জানা গিয়েছে ৷ বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, প্রতি দু'মাস অন্তর বিজেপি-বিরোধী জোটের এই বৈঠক হবে ৷ আগামী বৈঠক হায়দরাবাদে হওয়ার কথা রয়েছে ৷
  • Link to this news (eTV Bharat)