রাজ্য পুলিশের পরে একাধিক সচিব পদে রদবদল করল নবান্ন। মোট ১৭টি দপ্তরের সচিব পদে রদবদলের বিজ্ঞপ্তি জারি হলো বুধবার। রুটিনমাফিক বদলি বলেই নবান্ন সূত্রে খবর। নীলম মীনা যিনি বর্তমানে রাজ্যের CEO, তাঁকে অ্যাডিশনাল চার্জ হিসেবে পরিবেশ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বও দেওয়া হলো।
নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব জগদীশপ্রসাদ মিনাকে পাঠানো হলো খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের সচিব পদে। স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-কর্মসংস্থান দপ্তরের রবিইন্দর সিংকে পরিবহণ দপ্তরের সচিব করে পাঠানো হচ্ছে। রাজ্যপালের সচিব সৌমিত্র মোহনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। তিনি বর্তমানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পদটিও সামলাবেন।
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারাকে পাঠানো হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব করে। WBSIDC-এর ম্যানেজিং ডিরেক্টরকে আর বিমলাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে পাঠানো হচ্ছে। শিল্প, বাণিজ্য দপ্তরের সচিব মুক্ত আর্যকে সুন্দরবন বিষয়ক দপ্তরে সচিব করে পাঠানো হয়েছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বর্তমানে মুখ্যমন্ত্রীর দপ্তরের উন্নয়নমূলক কাজের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর ছিলেন। তাঁকে সায়েন্স টেকনোলজি এবং বায়ো টেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং হাউজিং ডিপার্টমেন্ট-এর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদে বহাল করা হলো। অন্য দিকে, হাউজিং ডিপার্টমেন্ট-সহ একাধিক দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি পদে কর্মরত রাজেশকুমার সিনহাকে সেচ ও জলপথ দপ্তরের সচিব করে পাঠানো হলো।
উল্লেখ্য, গত ৮ জুন মোট ১৭৯ জন পুলিশ আধিকারিককে রদবদল কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট, সিআইডি, এসটিএফ, একাধিক জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদলের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।