সিআইডির নোটিস মামলায় FIR খারিজের আবেদন ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। বুধবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, আগামিকাল, বৃহস্পতিবার তিনি মামলাটি শোনার চেষ্টা করবেন। আজ, বুধবার শুনানি সম্ভব নয়। কারণ, সরকার পক্ষের আইনজীবীর বেশির ভাগই মামলায় থাকছেন না। এই পরিস্থিতিতে আগে রাজ্যকে নোটিস দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এ দিন আদালতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ভ্যাকেশন বেঞ্চে মামলা করেছিলাম। কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। বিচারপতি ১০ জুন শুনানির নির্দেশ দিয়েছিলেন।’ কল্যাণ আদালতে এও দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি রীতিমতো ‘হ্যারাস’ করছে। তাই জরুরি ভিত্তিতে শুনানি হোক। কিন্তু বিচারপতি চন্দ জানান, এ দিন কোনও ভাবেই শুনানি সম্ভব নয়।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানায় মামলার আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। তবে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।