বছরের অন্য যেকোনও সময়ের তুলনায় বর্ষার ঠিক আগে আর বর্ষার শুরুতে জঙ্গল যেন আরও সবুজ হয়ে ওঠে। ধুয়ে-মুছে সাফ হওয়া গাছের পাতা চারপাশের পরিবেশকে আরও সবুজ করে তোলে। পাহাড়ি এলাকার এই মরসুমে কেবল জঙ্গলই নয়, বৃষ্টির জলে নতুন প্রাণ পেয়ে ফুলেফেঁপে ওঠে নদী ও ঝর্ণাগুলি।
তাই আপনিও যদি জল, পাহাড় এবং জঙ্গল ভালবাসেন, তাহলে প্রকৃতির এই রূপকে খুব কাছ থেকে উপভোগ করতে ঘুরে আসুন কাঁকড়াঝোর থেকে। দলমা পাহাড়ের কোল ঘেঁষে থাকা বেলপাহাড়ির এই জঙ্গলমহল এলাকাটি এই সময় অন্যরূপে সেজে ওঠে। শহরের যান্ত্রিক জীবন আর কাজের ব্যস্ততা থেকে একটু দূরে গেলেই পাবেন শান্তির ঠিকানা।
একেবারে নির্ভেজাল প্রকৃতির কোলে গিয়ে কিছু অসাধারণ মুহূর্ত উপভোগ করতে হলে এই জায়গা একদম আদর্শ। এখানে শাল, পিয়াল জঙ্গলের বুক চিরে হেঁটে চলা কিংবা আদিবাসী গ্রামগুলির শান্ত জীবনযাত্রাকে কাছ থেকে অনুভব করা আপনার মনে শান্তি এনে দেবে। কলকাতা থেকে কয়েক ঘন্টার জার্নিতে এখানে পৌঁছে যাবেন। কাছাকাছি রয়েছে থাকা, খাওয়ার বন্দোবস্ত।