পুকুর নিয়ে বিবাদের জেরে দুই ভাইয়ের গণ্ডগোল, কাজে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
News18 বাংলা | ১০ জুন ২০২৬
পুকুর নিয়ে বিবাদের জেরে চরম পরিণতি হল বহড়ুতে। দাদাকেও মানল না ভাই। ভাইয়ের হাতেই জীবণ দিতে হল দুধকুমার বৈদ্য নামে এক যুবককে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর থানার অন্তর্গত বহরু অঞ্চলের তাজপুর মিঠানি গ্রামে। স্থানীয় সূত্রে খবর দুধকুমার বৈদ্যর সঙ্গে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তার কাকার ছেলে নিমাই বৈদ্যের।
গত রবিবার সেই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। অভিযোগ তারপর থেকেই দুধকুমার ও নিমাই এর মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। দুধকুমার মাছের ব্যবসা করেন। সেই সূত্রে দুধকুমার যখন ব্যবসার কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক তখনই রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় দুধকুমারের পথ আটকায় ভাই নিমাই বৈদ্য।
দুধকুমার কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে নিমাই। এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন দুধকুমার এবং ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও পৌঁছন। ঘটনার পরই পলাতক অভিযুক্ত নিমাই বৈদ্য ও তার পরিবারের লোকজন।