• ‘এক পৃথিবী, এক ভবিষ্যৎ’! পরিবেশ রক্ষায় খড়গপুর আইআইটির মহতী উদ্যোগ
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খড়গপুর আইআইটিতে আয়োজিত হল ‘ন্যাশনাল ক্লাইমেট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’ (এনসিআইসি)। খড়গপুর আইআইটি-র স্কুল অফ ওয়াটার রিসোর্সেস-এর (এসওডব্লিউআর) উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার এবারের থিম ছিল ‘এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক দায়িত্ব’। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং শিল্পজগতের প্রায় ২০০ জন প্রতিনিধি এ দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় অভিনব সব ভাবনা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্কুলপড়ুয়া থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়া, গবেষক ও স্টার্টআপদের জন্য মোট পাঁচটি পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। যেখানে জলবায়ু সহনশীলতা, জল সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, কার্বন ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ, বর্জ্য থেকে সম্পদ তৈরি এবং সার্কুলার ইকোনমির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অংশগ্রহণকারীরা তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সমাধান তুলে ধরেন।

    অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি দিল্লির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ কে নেমা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত আইআইইএসটি শিবপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটির ডিন অফ ফ্যাকাল্টি অধ্যাপক সোমেশ কুমার, ক্যাম্পাস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের ডিন অধ্যাপক ব্রজেশ কে দুবে এবং স্কুল অফ ওয়াটার রিসোর্সেস-এর চেয়ারপার্সন ও অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক রাজীব মাইতি।

    অনুষ্ঠানে বায়ুদূষণ ও নির্গমন সংক্রান্ত আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞ ডক্টর শরৎ গুটিকুন্ডা এবং নোভাসেন্সা-র চিফ অপারেটিং অফিসার ভ্যানেসা ল্যাকায়ো পরিবেশ সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধানে সুস্থায়ী উন্নয়নের নানা বিষয়ে বিশেষ বক্তৃতা দেন। এই আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘ক্লাইমেট ক্যাপিটাল ফোরাম’। মূলত ক্লাইমেট-টেক স্টার্টআপগুলির সঙ্গে বিনিয়োগকারী এবং শিল্প বিশেষজ্ঞদের মেলবন্ধন ঘটাতেই এই ফোরামের আয়োজন করা হয়। সেখানে উদ্ভাবন এবং উদ্যোগ বিষয়ে নিজেদের মূল্যবান মতামত ভাগ করে নেন আইআইটি খড়গপুরের ডিন অধ্যাপক মনোজ কুমার মণ্ডল, জেআইএস গ্রুপের ডিরেক্টর জসপ্রীত কৌর এবং ইন্ডিয়া অ্যাক্সিলারেটরের সিনিয়র অ্যানালিস্ট চিন্ময়ী শতপথী।

    এছাড়াও পরিবেশ বিষয়ক কুইজ বা ইকো-কুইজ, পোস্টার প্রেজেন্টেশন এবং নানা প্রযুক্তিগত আলোচনা পর্বের মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পায়। এই আয়োজনের মধ্যে দিয়ে উদ্ভাবন, স্টার্টআপ, নীতিনির্ধারক এবং গবেষকদের সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটিয়ে আগামী দিনে পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথাই আরও একবার প্রমাণ করল খড়গপুর আইআইটি।
  • Link to this news (News18 বাংলা)