সোনারপুরে বিপুল পরিমাণে গাঁজা মজুত করার অভিযোগে গ্রেফতার করা হল ১ ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম রামপ্রসাদ হালদার। প্রায় ২৫ কেজি গাঁজা তল্লাশি চালানোর সময় উদ্ধার হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে উল্লেখযোগ্য এই সাফল্য পেল সোনারপুর থানা। গোপন সূত্রে খবর পাওয়া খবরের ভিত্তিতে সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শীতলা উদয়নপল্লী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এসআই সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে সোনারপুর থানার একটি বিশেষ পুলিশ দল পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। এরপর সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন তার নাম খোকন হালদার। পুলিশ সূত্রে খবর, আইনানুগ সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তকরণের কাজ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ২৫.৮২১ কেজি।
উদ্ধারের পর অভিযুক্ত খোকন হালদারকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সোনারপুর থানায় স্বত:প্রণোদিতভাবে মাদক আইনের সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত এলাকায় একটি বাড়ি কিনে সেখানে মাদক ব্যবসার ঘাঁটি তৈরি করেছিল বলে অভিযোগ। লোকালয়ের মধ্যেই থাকা ওই বাড়ি থেকেই গাঁজার কারবার পরিচালিত হত। যদিও তার পরিবারের সদস্যরা অন্য একটি বাড়িতে বসবাস করতেন।