ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে রাজনৈতিক নেতা। ৯০-এর দশকে কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে ছিলেন। মতের অমিল হওয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নোয়াপাড়া আসন থেকে ২০২৬-এর নির্বাচনে বড় ব্যবধানে জিতে এসেছেন অর্জুন সিং। বিজেপি সরকারের পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁর কাঁধে। রাজনীতিতে নতুন অধ্যায় শুরু আগে এই সময় অনলাইনকে কী জানালেন ব্যারাকপুরের দাবাং নেতা?
১) প্রথম প্রায়োরিটি বাসের সংখ্যা। অনেকেই বলেছেন বাসের সংখ্যা কম ,বাস পাওয়া যায় না। ইলেকট্রিক বাসের জন্য প্রায়োরিটি দিতে হবে।
২) সুভাষ চক্রবর্তী যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, আমি কিছু প্রশ্ন করেছিলাম। এখন সেই দপ্তরে এসে দেখব সেই বিষয়গুলো জানবো। ফাইল খুঁজে পেলে, পরে জানাবো।
৩) সরকারি বাসের চালক শ্রমিক থেকে শুরু করে সমস্যা অনেক রয়েছে তেল চুরি হয়ে যায় বাস চলেনা। সব সমস্যাগুলিকেই দেখতে হবে।
৪) একাধিক বাস ডিপোর জমি বেচে দেওয়া হয়েছে গত সরকারের আমলে বলে অভিযোগ করেন পরিবহণ মন্ত্রী। সেই বিষয়েও চিন্তাভাবনা হবে বলে জানিয়েছেন তিনি।
৫) সবথেকে বেশি অভিযোগ আসে রাস্তায় সরকারি বাসের দেখা পাওয়া যায় না। প্রচারে গিয়েও এই সমস্যা শুনতে হয়েছে। সেই সমস্যার সমাধান করা হবে।
একাধিক রুটে সরকারি বাস বন্ধ, বিভিন্ন এলাকায় ই-রিকশার দৌরাত্ম্য, অটোরিকশার ভাড়া নিয়ে অসন্তোষ— বিগত সরকারের আমলে অভিযোগ ছিল একাধিক। সেই দপ্তরে খোলনলচে বদলের আশায় রাজ্যবাসী। এই দপ্তরের দায়িত্ব নিয়ে কী করবেন? অর্জুন বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান মহিলারা সরকারি বাসে বিনামূল্যে ও নিরাপদে যাতায়াতের সুবিধা পান। রাজ্যের যে সব এলাকায় সরকারি বাস পরিষেবা পর্যাপ্ত নয়, সেগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে।’ প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্ব পালনে সুবিধা হবে বলেও মন্তব্য করেন তিনি। যে যে রুটে বাস বন্ধ বা পরিষেবা ধুঁকছে, সেই ব্যাপারেও চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
পরিবহণ দপ্তরের পাশাপাশি শ্রম মন্ত্রকের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। শ্রমিকদের স্বার্থ রক্ষার লড়াইয়ে বরাবর প্রথম সারিতে দেখা গিয়েছে অর্জুনকে। বিশেষত জুট মিলের শ্রমিকদের হাল ফেরানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন নতুন মন্ত্রী। তাঁর কথায়, ‘বহু জুট মিলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নেই। কখন কারখানা চলবে, কখন বন্ধ হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।’ সেই পরিস্থিতির বদল ঘটানো হবে বলেই আশ্বস্ত করেন তিনি।