প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসীকে মঙ্গলবারই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গত সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গেও প্রাক-বৃষ্টির বর্ষা চলছে। দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা। আর তার জেরেই বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘন্টার জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে জানা গিয়েছে, বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল সাড়ে তিনটে থেকে আগামী দু থেকে তিন ঘণ্টায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা তাৎক্ষণিক ভাবে কমলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এর পাশাপাশি, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে উত্তরের সব জেলাতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।