আজকাল ওয়েবডেস্ক: মেসি কাণ্ডে হাইকোর্টে স্বস্তি পেলেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডের বিশৃঙ্খলায় নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হল। স্বাধীন তদন্ত করতে বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিল আদালত। ৪ আগস্টের মধ্যে এবিষয়ে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসকে ১৭ আগস্ট পর্যন্ত রক্ষাকবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আদালতের অনুমতি ছাড়া কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ। আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না অরূপ বিশ্বাস। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া পুলিশি তদন্তে সহযোগিতাও করতে হবে। যদি অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা না করেন তাহলে তৎক্ষণাৎ পুলিশ বিষয়টি আদালতকে জানাবে।
রাজ্যের বিভিন্ন অংশে তৃণমূল নেতাদের ওপর ডিম ছোঁড়া চলছে। এবিষয়ে নিষেধাজ্ঞা চাইছিলেন অরূপ বিশ্বাস। তবে বিষয়টি হেসে ফিরিয়ে দেয় হাইকোর্ট। ৪ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।উল্লেখ্য, কিছুদিন আগেই মেসি কাণ্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর দায়ের করেছিলেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে তলব করেছিল পুলিশ। প্রাক্তন মন্ত্রী হাজিরা এড়ানোয় পুনরায় তাঁকে নোটিস দেয় বিধাননগর দক্ষিণ থানা। আর তারপরই গ্রেপ্তারির আশঙ্কায় গত সোমবার কলকাতা হাইকোর্টে সমস্ত অভিযোগ খারিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত। এরপর বুধবার আদালতের এই ঘোষণায় সাময়িক স্বস্তি পেলেন অরূপ বিশ্বাস।