• কলকাতা পুরসভার আরেক কাউন্সিলর গ্রেফতার, এই নিয়ে কত নম্বর?
    আজ তক | ১০ জুন ২০২৬
  • কলকাতা পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। এবার গ্রেফতার করা হল পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ও ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দারকে। খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ২ মে ঘটে যাওয়া একটি ঘটনার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার নারকেলডাঙা থানায় মামলা দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তে নেমেই বুধবার ফুলবাগান এলাকা থেকে স্বপন সমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।

    স্বপন সমাদ্দার শুধু কাউন্সিলরই নন, তিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ছিলেন। পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন।

    পুলিশ জানিয়েছে, অভিযোগে উল্লিখিত ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

    উল্লেখ্য, স্বপন সমাদ্দারের গ্রেফতারের ফলে কলকাতা পুরসভার গ্রেফতার হওয়া কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ। একের পর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

     
  • Link to this news (আজ তক)