• ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' রাহুলের জন্য বিশেষ ম্যাচ, মাঠে নামছেন অ্যালভিটো-মেহতাবরা 
    আজ তক | ১০ জুন ২০২৬
  • লাল-হলুদ ছিল তাঁর রক্তে, ইস্টবেঙ্গল ছিল তাঁর আবেগে। বিজয়গড়ের ছেলে, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ এখনও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। গত মার্চে তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত ইস্টবেঙ্গলকে ঘিরেই ছিল তাঁর উচ্ছ্বাস, স্বপ্ন আর বিশ্লেষণ। এমনকি শেষ পডকাস্টেও তিনি লাল-হলুদ শিবিরের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন।

    রাহুল আর দেখে যেতে পারেননি ইস্টবেঙ্গলের আইএসএল শিল্ড জয়ের মুহূর্ত। তবে সেই সাফল্যের আনন্দের মধ্যেও তাঁকে স্মরণ করেছেন অসংখ্য সমর্থক। এবার প্রিয় ‘ঘরের ছেলে’-কে শ্রদ্ধা জানাতে এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে ইস্টবেঙ্গল পরিবার।

    আগামী ১৫ জুন বিকেল ৫টায় ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচের। প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশে আয়োজিত এই ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা’। রাহুল অভিনীত শেষ ছবি ‘ছবিওয়ালা’-র মুক্তিকে সামনে রেখেই এই উদ্যোগ নিয়েছেন ছবির নির্মাতারা।

    এই বিশেষ ম্যাচে অংশ নেবেন ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন তারকা ফুটবলার। মাঠে দেখা যাবে অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, সৈয়দ রহিম নবি, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দে, মহম্মদ রফিক-সহ বহু পরিচিত মুখকে। ফুটবল ও সংস্কৃতির এই মিলনমেলায় উপস্থিত থাকবেন টলিউড এবং ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।

    গ্যালারিতে ফিরবে সেই চেনা লাল-হলুদ আবেগ, মশাল, জয়ধ্বনি আর সমর্থকদের উন্মাদনা। এক অর্থে, এই ম্যাচ হয়ে উঠবে রাহুলের প্রতি ইস্টবেঙ্গল পরিবারের আবেগঘন শ্রদ্ধার্ঘ্য। আয়োজন সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘ছবিওয়ালা’ টিম।

    ছবির পরিচালক বাপ্পা জানান, রাহুল আজ নেই, কিন্তু তাঁর শেষ ছবি ‘ছবিওয়ালা’ এবং ইস্টবেঙ্গলকে ঘিরে তাঁর অমলিন ভালোবাসা তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে। এই ম্যাচ সেই স্মৃতিকেই সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস। আগামী ১৫ জুন তাই ইস্টবেঙ্গল মাঠে শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং এক নিবেদিত সমর্থকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং স্মৃতির এক অনন্য উদযাপনের সাক্ষী থাকবে কলকাতার ফুটবলপ্রেমী মহল।

     
  • Link to this news (আজ তক)