সীমান্তবর্তী এলাকায় আচমকা হানা পুলিশের, উদ্ধার বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল
News18 বাংলা | ১০ জুন ২০২৬
বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের লালগোলায় ফের মাদক উদ্ধারের ঘটনায় সাফল্য পেল পুলিশ। মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে মুর্শিদাবাদের লালগোলা থানার সাহাবাদ এলাকার একটি আমবাগানে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। সেই অভিযানে প্রায় ৩০১ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আব্দুল হক (৪২)। তিনি লালগোলা থানার পাহাড়পুর পোস্ট অফিসের অন্তর্গত জোতখামার গ্রামের বাসিন্দা। ধৃত আব্দুল হক প্রয়াত রহিম শেখের পুত্র। পুলিশের দাবি, এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া ওই ব্যক্তির ওপর নজরদারি চালিয়ে তল্লাশি চালানো হয়। তাতেই তার কাছ থেকে আনুমানিক ৩০১ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার হয়। এই ঘটনার প্রেক্ষিতে লালগোলা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতকে বুধবার বহরমপুর এনডিপিএস (NDPS) আদালতে পাঠানো হয়। চক্রের বাকিদের খোঁজে এবং তদন্তের স্বার্থে পুলিশ ধৃত অভিযুক্তকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি এলাকায় হেরোইন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণে হেরোইন তৈরির কাঁচামাল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশি ধরপাকড়ের কারণে গত কয়েক বছরে লালগোলায় হেরোইন তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে মাদক চক্রের সদস্যরা কাঁচামাল নিয়ে এসে হেরোইন তৈরির কারবার শুরু করতে চাইছে বলে পুলিশের একাংশ মনে করছেন। লালগোলা থানার এক আধিকারিক জানান, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে কাঁচামাল আনা হত এবং তৈরি হেরোইন কোথায় পাচার করা হত, তা জানার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মাদক ও রাসায়নিক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।”