আলপনা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে সোনা জয়, রাতারাতি 'আইকন' হয়ে উঠলেন বাঁকুড়ার এই মেয়ে
News18 বাংলা | ১০ জুন ২০২৬
সমাজের নীরব কর্মী ও সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ব্যক্তিদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল ‘দ্য আর্ট অব লিভিং’। সংগঠনের ৪৫ বছর পূর্তি এবং প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর সৃজনী অডিটোরিয়াম হলে আয়োজিত হল ‘আনসাং এভরিডে হিরোজ অ্যাওয়ার্ডস সেরিমনি’।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে চলা এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় এদিন। সম্প্রতি গ্রামের আলপনায় আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছিলেন ছাতনার পম্পা কুন্ডু। নিয়ে এসেছিলেন গোল্ড মেডেল পুরস্কার। তাই তার সৃষ্টিকে সম্মান জানাতে ও অনেকের অনুপ্রেরণার কারণ হওয়ার জন্য ‘আনসাং এভরিডে হিরোজ’ এই বিশেষ সম্মানে তাকে সম্মানিত করা হয় এদিন। এদিনের অনুষ্ঠানে চিত্রশিল্পী ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সম্মান পেয়ে আবেগাপ্লুত পম্পা কুন্ডু বলেন, গ্রামের মাটির সঙ্গে জড়িয়ে থাকা লোকশিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। তিনি জানান, এই ধরনের স্বীকৃতি শিল্পীদের আরও ভাল কাজ করার অনুপ্রেরণা জোগায় এবং নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও বাংলার লোকশিল্প ও আলপনা শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন বলে জানান।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজে অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রচারের আলো থেকে দূরে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের অবদানকে সামনে আনতেই ‘আনসাং এভরিডে হিরোজ অ্যাওয়ার্ডস’-এর আয়োজন করা হয়েছে। পম্পা কুন্ডুর মত প্রতিভাবান ও সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মানিত করার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তাঁরা। পাশাপাশি, এই ধরনের সম্মাননা সমাজের বিভিন্ন স্তরে কাজ করে চলা মানুষদের উৎসাহিত করবে এবং তাঁদের কাজকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে সাহায্য করবে বলেও মত প্রকাশ করা হয়।