বারাসতের বিজেপি বিধায়ককে ফোন প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর
News18 বাংলা | ১০ জুন ২০২৬
ভয় হোক বা পরিস্থিতির চাপ, বিধায়ক তহবিলের অব্যবহৃত ত্রাণ ফেরাতে উদ্যোগী হলেন বারাসতের প্রাক্তন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। যদিও ওই ত্রাণসামগ্রী সাধারণ মানুষের স্বার্থে ফেরত দেওয়ার কথাই জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত। জানা গিয়েছে, তাঁর বিধায়ক তহবিলের অধীনে থাকা বেশ কিছু ত্রিপল ও মোটা কাপড় এখনও বিলি করা হয়নি। সেই সামগ্রী মানুষের কাজে লাগানোর উদ্দেশ্যে তিনি বর্তমান বিজেপি বিধায়ক শংকর চ্যাটার্জী-র সঙ্গে যোগাযোগ করেন।
সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে শংকর চ্যাটার্জী ফোন ধরতে না পারায় তাঁর আপ্তসহায়কের সঙ্গে কথা বলেন চিরঞ্জিত চক্রবর্তী। অব্যবহৃত ত্রাণ ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় বলেও জানা গেছে। এ প্রসঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, বিধায়ক তহবিল থেকে বেশ কিছু ত্রিপল ও মোটা কাপড় বিলি করা হয়নি। আমি চাই বারাসতবাসীর স্বার্থে সেই ত্রাণ ফিরিয়ে দিতে। ১৫ বছর ধরে বারাসতবাসীর হয়ে কাজ করেছি। আগামী দিনেও মানুষের পাশে থাকতে চাই। আমার কোনও পদের লোভ নেই, শুধুমাত্র মানুষের প্রাপ্য জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই।তিনি আরও জানান, বর্তমান বিধায়ক যদি ওই ত্রাণ গ্রহণ করতে না চান, তাহলে তিনি জেলাশাসকের কাছে সেই সামগ্রী ফেরত দিয়ে দেবেন।
আরও পড়ুন Bollywood: “ওরা মেরে ফেলেছে”, প্রিয়জনের বিয়োগ, ফেসবুকে হাউহাউ করে কাঁদলেন বলিউড অভিনেত্রী
নতুন বিধায়ক শঙ্করবাবু জানান, তাঁর কাছে চিরঞ্জিতের ফোন এসেছিল। তবে ত্রাণ সামগ্রী সরকারি ভাবে যেমন করে চিরঞ্জিতের কাছে গিয়েছিল, সেই হিসেব মিলিয়েই ফেরত নেওয়া হবে। তিনি জানান, বর্তমানে অনেকেই অনেক কিছু ফেরত দিতে চাইছেন। অনেক নেতার গুদাম থেকে অনেক কিছু বেরোচ্ছে। জেলাশাসক, মহকুমাশাসকের মতো আধিকারিকের দফতরে ওই সামগ্রী ফেরত দেবেন চিরঞ্জিত। সেই সরকারি হিসেব মিলিয়ে ওই সব সামগ্রী ফেরত নেওয়া হবে বলেও জানান বিধায়ক।