• এবার জাতীয় সড়কে টোটো উঠলেই..., কল্যাণীতে বড় পদক্ষেপ করল RTO এবং পুলিশ
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • ১২ নম্বরে জাতীয় সড়কে টোটো ও ই-রিকশার বিরুদ্ধে কড়া অভিযান, জরিমানা একাধিক গাড়িকে। জাতীয় সড়ক এনএইচ-১২-এ অবৈধভাবে টোটো ও ই-রিকশা চলাচল রুখতে যৌথ অভিযান চালাল কল্যাণী আরটিও এবং রানাঘাট পুলিশ জেলার চাকদহ ট্রাফিক গার্ড। এদিন দিনভর চালানো এই অভিযানে একাধিক টোটো ও ই-রিকশার নথিপত্র পরীক্ষা করা হয় এবং নিয়ম ভঙ্গের অভিযোগে কয়েকটি গাড়িকে জরিমানাও করা হয়।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এনএইচ-১২-এ টোটো ও ই-রিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ উঠছিল। জাতীয় সড়কে এই ধরনের ধীরগতির যানবাহনের উপস্থিতির কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। অভিযোগ, অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম না মেনে টোটো ও ই-রিকশা জাতীয় সড়কে চলাচল করছিল, যার ফলে বাস, ট্রাকসহ ভারী যানবাহনের চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছিল।

    এই পরিস্থিতিতে কল্যাণী আরটিও-র আধিকারিকদের সঙ্গে নিয়ে চাকদহ ট্রাফিক গার্ডের ওসি অলোক ভট্টাচার্যের নেতৃত্বে এনএইচ-১২-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় টোটো ও ই-রিকশা থামিয়ে চালকদের বৈধ নথিপত্র পরীক্ষা করা হয়। প্রশাসনের দাবি, অন্তত ছয়টি টোটোকে জরিমানা করা হয়েছে।

    পুলিশ ও পরিবহণ দফতরের আধিকারিকরা টোটো চালকদের সতর্ক করে জানান, জাতীয় সড়কে টোটো বা ই-রিকশা নিয়ে চলাচল শুধু বেআইনি নয়, এতে যাত্রীদের নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়। অনেক ক্ষেত্রেই এই ধরনের যানবাহনের কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা উদ্বেগের বিষয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা এবং সড়ক দুর্ঘটনা কমানো। ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (News18 বাংলা)