মানচিত্র থেকে মুছে যাওয়ার সুন্দরবনের নয়া পর্যটন কেন্দ্র? এবার কি স্থায়ী ব্যবস্থা নেবে প্রশাসন?
News18 বাংলা | ১০ জুন ২০২৬
: ভাঙন সমস্যায় জর্জরিত নিউ বকখালির জঙ্গল। এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিল ধীরে ধীরে। ভাঙন এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এই নিউ বকখালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এবার ভাঙন রুখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এই নিউ বকখালি ঘুরে দেখেছেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা। এই এলাকার ভাঙন রুখতে সঠিক ব্যবস্থা পূর্বতন সরকার সেভাবে নেয়নি বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয়রাও এই একই কথা জানিয়েছেন। তাঁদের দাবি দুর্নীতি হয়েছিল এখানেও।
নিউ বকখালির নদীভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে যদি এখন থেকে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দু-তিন বছরের মধ্যে এই জঙ্গলটি ভয়াবহ ভাঙনের মুখে পড়তে পারে। আগে জঙ্গল অনেকটা গভীর ছিল। এখন ভাঙতে ভাঙতে পাতলা হয়ে গিয়েছে। এই জায়গাটি দেখতে অনেকেই আসেন। জায়গাটি রক্ষা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে এমন কথা জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অনেকের দাবি, আগে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার নতুন বিধায়ক হওয়ার পর দীপঙ্কর জানা এখানে আসায় খুবই খুশি স্থানীয়রা। তাঁরা এবার এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন।
এই ভাঙন রোখা না গেলে হয়ত কয়েক বছরের মধ্যেই নিউ বকখালি হারিয়ে যাবে এমন আশঙ্কাই করছেন স্থানীয়রা। কোলাহলহীন এই জায়গাটি পর্যটকদের কাছে টানছিল খুবই। নামখানা স্টেশনের আগে উকিলের হাট স্টেশন থেকে কিছুটা দূরে এই নিউ বকখালি জায়গাটি। এখন যদি ভাঙনের ফলে এই জায়গাটি হারিয়ে যায়। তাহলে ভবিষ্যতে পর্যটকরা এই জায়গাটির মাধুর্য থেকে বঞ্চিত হবে। এখন দেখার ভবিষ্যতে কি হয় সেখানে।