• ‘টাটাদের ফেরাতেই হবে’, শিল্প-বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়ে বললেন তাপস
    এই সময় | ১০ জুন ২০২৬
  • রাজ্যে বিজেপি সরকার গড়লে যে শিল্পোন্নয়ন অন্যতম বড় লক্ষ্য হবে, তা ভোটের প্রচারের সময়েই বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গড়ার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার বার সেই বার্তাই দিয়ে এসেছেন। এ বার শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়ে তাপস রায়ও জানিয়ে দিলেন, শিল্পই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তাঁদের বড় লক্ষ্য— টাটাদের ফিরিয়ে আনা।

    ‘এই সময় অনলাইন’-কে দেওয়া সাক্ষাৎকারে তাপস বলেন, ‘শিল্পই আমাদের ভবিষ্যৎ। যোগ্যতা অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম কাজকর্ম পান, সেটার ব্যবস্থা করাই কাজ। এটা আমাদের সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। এটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে।’ বিগত তৃণমূল সরকারের আমলে শিল্পনীতির সমালোচনা করেছেন তাপস। মন্ত্রীর অভিযোগ, বহু বছর ধরে শিল্প এ রাজ্যে উপেক্ষিত ছিল। শুধু লোক দেখানো কিছু কাজ হয়েছে। কিন্তু যে ভাবে রাজ্যে গুন্ডামি-তোলাবাজি হয়েছে, তাতে বহু শিল্পপতি-উদ্যোগপতিরা রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। তৃণমূল জমানায় অন্তত ৬৬৮৮ ছোট-বড়-মাঝারি শিল্পপতি রাজ্য থেকে পাততারি গুটিয়ে চলে গিয়েছেন বলেও অভিযোগ করেছেন তাপস।

    মন্ত্রী জানান, এই মুহূর্তে টাটা গোষ্ঠীকে আবার রাজ্যে লগ্নি করার জন্য ফিরিয়ে আনাই বড় লক্ষ্য। তাঁর কথায়, ‘অনেক শিল্পপতির কাছ থেকে অর্থ নেওয়া হতো। বিজেপির সরকারে এ সব হবে না। শিল্পের যারা যারা চলে গিয়েছে, তাদের ফেরাতে হবে। টাটাদের ফেরাতে হবে। আদানি-আম্বানিদের নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে লগ্নি করার জন্য।’

    রাজ্যে বিজেপি সরকার গড়ার পর থেকেই একাধিক বণিক মহলের সঙ্গে বৈঠকে বসেছেন শমীক। বার বার তাঁদের বার্তা দিয়েছেন এ বার রাজ্যে বিনিয়োগে উৎসাহিত হওয়ার জন্য। শিল্পদ্যোগীদের শমীক জানিয়েছেন, বিজেপির আমলে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তাই এ বার তাঁরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন। বণিক মহলও রাজ্যের সরকারের কাছে আর্জি জানিয়েছে, শিল্পের জন্য ল্যান্ড ব্যাঙ্ক, সেই জমির জিপিএস ট্যাগিং, শিল্পতালুকগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য জোর দিক। বৈঠকে উঠে এসেছে আধুনিক শিল্প এবং লজিস্টিক নীতি, ছাড়পত্র দিতে এক জানালা ব্যবস্থা, কর্মসংস্থান এবং প্রশিক্ষণে সহায়তার কথাও। এখন দেখার, আগামী ২২ জুন রাজ্য বাজেটে শিল্পোন্নয়নের জন্য কী পদক্ষেপ করে নতুন সরকার।

  • Link to this news (এই সময়)