ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে মঙ্গলবার প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। নিজের বাড়িতে কার্যত ঘেরাও হয়েছিলেন তিনি। প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছিেলন বিক্ষোভকারীদের একাংশ। ওই বিক্ষোভের পরে কৃষ্ণনগরের বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে কোতোয়ালি থানায় যায় পুলিশ। তার পরে তাঁকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে ফের থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতের দিকে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সকাল ৭টায় উজ্জ্বল বিশ্বাসকে নিয়ে আদালতে আসে পুলিশ। সম্প্রতি একাধিক ঘটনায় দেখা গিয়েছে, গ্রেপ্তার হওয়া কোনও তৃণমূল নেতা, কাউন্সিলার বা প্রাক্তন বিধায়ককে আদালতে তোলার সময়ে প্রবল বিক্ষোভ হতে। আদালতে নিয়ে আসার সময়ে ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। এই আবহে মঙ্গলবারের তুমুল বিক্ষোভের পরে বুধবার সাতসকালে উজ্জ্বল বিশ্বাসকে নিয়ে আদালতে আসে পুলিশ।
এ দিন বেলা আড়াইটা নাগাদ প্রাক্তন মন্ত্রীকে তোলা হয় কৃষ্ণনগর জেলা আদালতের এজলাসে। তখন বাইরে অসংখ্য মানুষকে অপেক্ষা করতে দেখা গিয়েছিল, তাঁদের অনেকের হাতেই ডিম দেখা গিয়েছিল। বেশ কিছুক্ষণ রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক। পরে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় কৃষ্ণনগর জেলা আদালত। তারপরে সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয় উজ্জ্বল বিশ্বাসকে।
দেবাশিষ বিশ্বাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কৃষ্ণনগর ২ নম্বর বিডিও অফিসে ত্রাণ সামগ্রী ফেরত পাঠানোর সময় স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল উজ্জ্বল বিশ্বাসকে। প্রাক্তন মন্ত্রীকে ঘিরে চলে বিক্ষোভ, ছোড়া হয় ডিম।