• 'টাটার কাছে হাত জোড়', বড় বার্তা শিল্পমন্ত্রী তাপসের
    আজকাল | ১১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় বুধবার দপ্তর বন্টন হয়েছে। শিল্প দপ্তরের দায়িত্বে প্রবীণ তাপস রায়। দায়িত্বভার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিল্পমন্ত্রী তাপস রায় ঘোষণা করেন যে, রাজ্যে বিনিয়োগ টানতে তিনি ব্যক্তিগতভাবে শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করবেন। জোর দিয়ে বলেন "বাংলার পরিবর্তন হয়েছে।" তোলাবাজিমুক্ত ও ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন নয়া শিল্পমন্ত্রী।

    'নিউজ১৮'-এর সঙ্গে এক একান্ত আলাপচারিতায়, রাজ্যে শিল্প পুনরুদ্ধারের রূপরেখা তুলে ধরার সময় তাপস রায় প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, "রতন টাটা যদি আজ বেঁচে থাকতেন, তবে আমি ব্যক্তিগতভাবে তাঁর কাছে গিয়ে হাত জোড় করে অনুরোধ করতাম- যেন তিনি বাংলায় বিনিয়োগ করেন।"

    শিল্পমহলের সঙ্গে সক্রিয় যোগাযোগের ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও বলেন যে, বিনিয়োগে উৎসাহ জোগাতে তিনি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক নেতৃত্বের কাছে যেতে প্রস্তুত। তিনি বলেন, "এমনকি এখনও, আমি শিল্পপতিদের কাছে হাত জোড় করে গিয়ে তাঁদের রাজ্যে এসে বিনিয়োগ করার আমন্ত্রণ জানাতে প্রস্তুত।"

    তাপস রায়ের দাবি, পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন হয়েছে এবং এখন এই রাজ্য ব্যবসার জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেকে তুলে ধরতে প্রস্তুত। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, "বাংলার পরিবর্তন হয়েছে। এ এক নতুন বাংলা।" তিনি আরও বলেন, "এই বাংলায় কোনও তোলাবাজি হবে না। আমরা ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

    মন্ত্রী রাজ্যে চলমান বিনিয়োগ কার্যক্রমের কথাও উল্লেখ করেন এবং দাবি করেন যে, বড় বড় প্রকল্পগুলো ইতিমধ্যেই বাস্তবায়নের পথে রয়েছে। তাপস বাবু বলেন, "বড় আকারের বিনিয়োগ ইতিমধ্যেই আসছে। আমূল রাজ্যে একটি বড় প্রকল্প গড়ে তুলছে।"

    তাপস রায় রাজ্যের শিল্প-সংক্রান্ত লক্ষ্যপূরণের ক্ষেত্রে কেন্দ্রের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন। জানান যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসবেন। তিনি বলেন, "শাহও বাংলা সফরে আসবেন।" তিনি আরও যোগ করেন যে, রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়- উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। তাপস রায় বলেন, "এটি একটি 'ডাবল-ইঞ্জিন' সরকার। বাংলার শিল্পোন্নয়ন ও সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার- একসঙ্গে কাজ করবে।"

    নবনিযুক্ত মন্ত্রী পূর্ববর্তী সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন এবং শিল্পকে অবহেলা করার অভিযোগ তোলেন। তাপস রায় বলেন, "আগের সরকার শিল্পোন্নয়নের জন্য গান-বাজনা ও নাচ ছাড়া আর কিছুই করেনি।" 

    পশ্চিমবঙ্গ সরকারের তরফে বুধবার নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। স্বপন দাশগুপ্ত অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন এবং রাজ্যে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নতুন করে জোরদার উদ্যোগের প্রত্যাশার মধ্যেই গুরুত্বপূর্ণ শিল্প দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে।

     
  • Link to this news (আজকাল)