• দায়িত্ব নেওয়ার দিনেই বনমন্ত্রীর বাড়িতে ঢুকল সাপ
    আজকাল | ১১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর  মন্ত্রিসভার সদস্য হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। আর সেই আবহেই সামনে এল এক ব্যতিক্রমী ঘটনা। নতুন বনমন্ত্রীর বাড়ি থেকেই উদ্ধার হল একটি কালনাগিনী সাপ। 

    বিষয়টি এখানেই শেষ নয়, সাপটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার সেই মুহূর্তের ভিডিও নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন মন্ত্রী।

    জানা গিয়েছে, বুধবার সকালে আচমকাই মনোজ ওরাওঁর বাড়ির একাংশে সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। প্রথমে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরে বিষয়টি বন ও বন্যপ্রাণী সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের জানানো হয়। দ্রুত সেখানে পৌঁছে সাপটিকে সাবধানে উদ্ধার করা হয়। পরে সেটিকে তার স্বাভাবিক বাসস্থানে, অর্থাৎ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

    উদ্ধার হওয়া সাপটি কালনাগিনী বলে জানা গিয়েছে। ডুয়ার্স অঞ্চলে বিভিন্ন সময়ে লোকালয়ে সাপ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে বর্ষাকালে জঙ্গল বা ঝোপঝাড় এলাকা থেকে সাপ খাদ্যের সন্ধানে কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বসতিতে চলে আসে। তাই এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বনদপ্তর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীদের খবর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

    এই পুরো ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ। ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে একটি পাত্রে রাখা হচ্ছে এবং পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে। ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ সেটি শেয়ার করতে শুরু করেন। অনেকেই মন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে মন্তব্য করেছেন যে, বন্যপ্রাণী সংরক্ষণ এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক।

    স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, "যে মানুষটা ছোটবেলা থেকেই জঙ্গল-ঘেরা পরিবেশে বড় হয়েছেন এবং এখন বন দপ্তরের দায়িত্ব পেয়েছেন, তাঁর বাড়ি থেকেই এমন একটি ঘটনা সামনে আসা নিঃসন্দেহে ব্যতিক্রমী।" অনেকেই আবার মজা করে বলছেন, বনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর যেন প্রকৃতিই তাকে আপন করে স্বাগত জানাল।

    আলিপুরদুয়ার ও ডুয়ার্স অঞ্চল জঙ্গল এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এখানে মাঝেমধ্যেই হাতি, চিতা বা বিভিন্ন প্রজাতির সাপ লোকালয়ে ঢুকে পড়ার খবর সামনে আসে। তবে পরিবেশবিদদের মতে, বন্যপ্রাণীকে আঘাত না করে সঠিক পদ্ধতিতে উদ্ধার করে তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়াই একমাত্র সমাধান।

    নতুন বনমন্ত্রীর বাড়িতে কালনাগিনী উদ্ধারের এই ঘটনা সেই বার্তাকেই আরও একবার সামনে নিয়ে এল। আর সেই ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তাও দিলেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ।
  • Link to this news (আজকাল)