'পাহাড় আমার রক্তে...', দফতরের দায়িত্ব নিয়ে রাজ্যের আয় বাড়াতে কোন স্ট্র্যাটেজি কষছেন শঙ্কর?
News18 বাংলা | ১১ জুন ২০২৬
গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল, রাজ্যের নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন নিজেই। বুধবার সকালে কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ও পর্যটন দফতরের দায়িত্ব দেওয়ার বিষয়ে জানান হয়েছে।
নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শঙ্কর ঘোষ বলেন, রাজনীতির পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন করাও তাঁর কর্তব্য। তিনি জানান, দলীয় কাজ যেমন চলবে, তেমনই রাজ্যের স্বার্থে নতুন দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তাঁর কথায়, “বাংলা অত্যন্ত বৈচিত্র্যময় একটি রাজ্য। পাহাড়, জঙ্গল, সমুদ্র, ঐতিহ্য ও সংস্কৃতির এই অনন্য মেলবন্ধনকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে হবে।”
পর্যটন দফতরের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শঙ্কর বলেন, “শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর না করে বিশেষজ্ঞদের মতামত নিয়েও কাজ হবে। মন্ত্রিসভায় থাকা অভিজ্ঞ ও গুণী সদস্যদের পরামর্শ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশনা মেনে রাজ্যের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। রাজ্যের প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে সামনে এনে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার খুলতে চান।”
উত্তরবঙ্গের সন্তান হিসেবে পর্যটনের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, “পাহাড়ের কোলে বড় হয়েছি। পর্যটন আমাদের জীবনেরই অংশ। তাই বিশ্বের কাছে উত্তরবঙ্গের সৌন্দর্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে আরও জোরাল ভাবে তুলে ধরা আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে।” দার্জিলিং, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিকে আন্তর্জাতিক মানচিত্রে আরও উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করার কথাও জানান। একইসঙ্গে রাজ্যের রাজস্ব বৃদ্ধি নিয়েও গুরুত্ব আরোপ করেন নবনিযুক্ত মন্ত্রী। তাঁর মতে, মুখ্যমন্ত্রী বারবার রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর জোর দিয়েছেন এবং পর্যটন সেই লক্ষ্যে বড় ভূমিকা নিতে পারে। পাহাড় থেকে সমুদ্র, বাংলার প্রতিটি আকর্ষণকে বিশ্বমঞ্চে তুলে ধরে পর্যটক সংখ্যা বৃদ্ধি এবং রাজ্যের আয় বাড়ানোই হবে আগামী দিনের অন্যতম অগ্রাধিকার।