দেশে ডলার টানার লড়াই, NRI ডিপোজিটে বিশেষ পদক্ষেপ HDFC, SBI-সহ একাধিক ব্যাঙ্কের
এই সময় | ১০ জুন ২০২৬
দেশে ডলার প্রবাহ বাড়াতে বড় পদক্ষেপ করল SBI, HDFC-সহ কয়েকটি ব্যাঙ্ক। প্রবাসী ভারতীয়দের (NRI) জন্য বিদেশি মুদ্রাভিত্তিক FCNR(B) ডিপোজ়িটে সুদের হার উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। নতুন হারের ফলে HDFC Bank-এ ৩ থেকে ৫ বছরের মার্কিন ডলার আমানতে এখন সর্বোচ্চ ৬% পর্যন্ত সুদ মিলবে। বিদেশি মুদ্রার ভাণ্ডার শক্তিশালী করা এবং ব্যাঙ্কিং ব্যবস্থায় আরও ডলার আনার লক্ষ্যেই এই পদক্ষেপ।
এই পদক্ষেপ এমন সময়ে করা হলো, যখন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বিদেশি মুদ্রা প্রবাহ বাড়াতে একাধিক বিশেষ সুবিধা ঘোষণা করেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানায়, ৩ থেকে ৫ বছরের FCNR(B) ডিপোজ়িটের ক্ষেত্রে হেজ়িংয়ের সম্পূর্ণ খরচ RBI বহন করবে। এর ফলে ব্যাঙ্কগুলির কাছে বিদেশি মুদ্রার আমানত সংগ্রহ করা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, HDFC Bank ৩ থেকে ৫ বছরের FCNR(B) ডিপোজ়িটে সুদের হার ৬%-এ নিয়ে গিয়েছে।
শুধু HDFC Bank-ই নয়, ডলার আমানত টানতে একাধিক ব্যাঙ্কও সুদের হার বাড়িয়েছে। State Bank of India ৩ থেকে ৫ বছরের FCNR(B) ডিপোজ়িটে সর্বোচ্চ ৬% পর্যন্ত সুদ দিচ্ছে।
অন্যদিকে Yes Bank ৩ থেকে ৫ বছরের আমানতে ৭% থেকে ৭.১০% পর্যন্ত সুদ অফার করছে। AU Small Finance Bank-ও সুদের হার বাড়িয়ে ৩ বছরের ডিপোজ়িটে ৭.১% এবং ৫ বছরের ডিপোজ়িটে ৭% পর্যন্ত রিটার্ন দিচ্ছে। বাজার সূত্রের খবর, আরও কয়েকটি ব্যাঙ্কও শীঘ্রই নতুন হার ঘোষণা করতে পারে।
কেন ডলার আনার উপর জোর?
চলতি বছরে রুপির উপর চাপ বেড়েছে। ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দুর্বলতা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার কারণে RBI বিদেশি মুদ্রার ভাণ্ডার আরও শক্তিশালী করতে চাইছে। সেই লক্ষ্যেই FCNR(B) ডিপোজ়িটকে আকর্ষণীয় করার পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলি।
বিশেষজ্ঞদের মতে, RBI-র নতুন ব্যবস্থার ফলে সেপ্টেম্বরের মধ্যে ৩৫-৪০ বিলিয়ন ডলার পর্যন্ত নতুন বিদেশি মুদ্রার আমানত ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় আসতে পারে। ২০১৩ সালে একই ধরনের বিশেষ উদ্যোগের মাধ্যমে ভারতীয় ব্যাঙ্কগুলি প্রায় ৩৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। এবারও সেই সাফল্য ফেরানোর লক্ষ্যেই পদক্ষেপ করা হচ্ছে।
FCNR(B) ডিপোজ়িট কী?
FCNR(B) বা Foreign Currency Non-Resident (Bank) Deposit হল এমন একটি নির্দিষ্ট মেয়াদের আমানত, যেখানে NRI-রা মার্কিন ডলার, ইউরো, পাউন্ড স্টার্লিং-সহ বিভিন্ন বিদেশি মুদ্রায় টাকা জমা রাখতে পারেন। আমানত ও সুদ একই বিদেশি মুদ্রায় থাকার ফলে মুদ্রা বিনিময় হারের ওঠানামার ঝুঁকি অনেকটাই কম থাকে। ফলে বিদেশে থাকা ভারতীয়দের কাছে এই ধরনের ডিপোজ়িট জনপ্রিয় বলে মনে করা হয়।