‘পরের দশ বছর হলো...’, কোন নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিলেন রাহুল
এই সময় | ১০ জুন ২০২৬
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। ছোট পর্দা থেকে ওটিটি, সিনেমা বিভিন্ন মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা রাহুল দেব বোস। শুধু টলিপাড়ায় নয়, বলিউডেও ইতিমধ্যেই পা রেখেছেন অভিনেতা। কেরিয়ারের শুরুর দিনগুলো আর সকলের মতো তাঁরও ছিল বড় অদ্ভুত। তবু সেই অভিজ্ঞতা বড় সঙ্গী তাঁর। পরবর্তী নয়া সূচনা নিয়েও মুখ খুললেন রাহুল।
নিজের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ইনস্টাগ্রামে। দুটো আলাদা সময়ের ফ্রেম শেয়ার করে রাহুল লেখেন, ‘আমার জীবনের এমন এক গল্প রয়েছে, যা কেউ জানে না। সবকিছু শুরু হয়েছিল এই দুটি ছবি বা মুহূর্ত দিয়ে। বাঁ দিকেরটা। আর ডান দিকেরটা। এই দুটোর মাঝে কেটে গিয়েছে এক দশক। আমার যাত্রাপথের অন্যতম এক অজানা গল্প হলো, ২০১৪ সালের দিকের।’
বহুদিনের পরিচিত এক ব্যক্তি তাঁকে একটি টেলিভিশন চরিত্রের জন্য অডিশন দিতে বলেছিলেন। সেই চরিত্রে অভিনয়ের সুযোগ হয়তো তিনি পেয়েই যেতেন। তবু ওই ব্যক্তিকে রাহুল বলেন, দয়া করে তাঁকে যেন নির্বাচিত করা না হয়। রাহুল বলেন, ‘ক্যামেরার সামনে অভিনয় করার মতো যোগ্যতা বা দক্ষতা আমার এখনও হয়নি।’
তবে ওই ব্যক্তি রাহুলকে আশ্বস্ত করেছিলেন। চিন্তা করতে বারণ করেন। জানালেন, শেখার ক্ষেত্রে তাঁরা রাহুলকে সাহায্য করবেন। কিন্তু নিজের অবস্থান সম্পর্কে তিনি সচেতন ছিলেন। রাহুলের কথায়, ‘আমি চেয়েছিলাম ক্যামেরার সামনে নিজের জায়গাটা অর্জন করে নিতে। প্রস্তুত হওয়ার আগেই সেখানে পৌঁছে যেতে চাইনি।’
এর পরে ২০২৫ সালে তাঁর প্রথম জাতীয় টেলিভিশনের বিজ্ঞাপনের সুযোগ আসে। যার চিত্রনাট্য লিখেছিলেন পীযূষ পান্ডে। কণ্ঠ দিয়েছিলেন কুমুদ মিশ্র। এর পরে রাহুলের কাছে একটি মেসেজ আসে। যেখানে বলা ছিল, ‘ছেলেটিকে বলো, ওর চোখে সততা আছে। ও খুব ভালো কাজ করেছে।’
দশ বছর ধরে পর্দায় নিজেকে দেখে বার বার একটা কথাই বলেছেন অভিনেতা। রাহুল বলেন, ‘এখনও যথেষ্ট ভালো হয়ে উঠতে পারিনি। তাই আমি কাজ চালিয়ে গিয়েছি।’ প্রথম দশ বছর কেটেছে প্রস্তুতির মধ্য দিয়ে। পরের দশ বছর হলো আমার সর্বোচ্চ সামর্থ্যটুকু পৃথিবীকে দেখানোর সময়।’
দর্শকেরা যদি তাঁর সম্পর্কে কোনও কিছু মনে রাখেন, তবে তিনি চান, তাঁকে দেখতে গিয়ে দর্শকের সময় বৃথা যায়নি, এটা যেন সকলে মনে করেন। পরবর্তী অধ্যায় এখন শুরু হচ্ছে।’ এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কাজ করছেন রাহুল। যা নিয়ে ভীষণই আশাবাদী অভিনেতা।