সুরুচি সঙ্ঘের পরে টেকনিশিয়ান স্টুডিয়ো, স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই তল্লাশি পুলিশের
এই সময় | ১০ জুন ২০২৬
বেশ কিছুদিন ধরেই অভিযোগের পাহাড় জমছিল। তৎকালীন শাসকদল ঘনিষ্ঠ হওয়ায় মুখ খোলেননি কেউই। রাজ্যের পালাবদলের পরে সোচ্চার হয়েছেন কলাকুশলী থেকে তাবড় অভিনেতারা। যার ফলস্বরূপ গত ৪ জুন তোলাবাজি, যৌন হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে। ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তাঁকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োয় পৌঁছয় পুলিশ।
এর আগে গত সোম ও মঙ্গলবার স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ও সুরুচি সঙ্ঘের ক্লাবে ম্যারাথন তল্লাশি চালিয়েছে পুলিশ। এ বার ফেডারেশনের অফিস সেই তালিকায়। সূত্রের খবর, স্বরূপের বিরুদ্ধে বেশ কিছু তোলাবাজির অভিযোগ রয়েছে। যে কারণে ফেডারেশনের অফিস থেকে কোনও সূত্র পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখতেই টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োয় নিয়ে আসা হয় স্বরূপকে।
অভিযোগ, দীর্ঘ বছর গোটা টলিউডের চাবিকাঠি ছিল ‘বিশ্বাস ব্রাদার্স’-দের হাতে। ফলে কেউ মুখ খোলার সাহস পাননি। পরিচালক, প্রযোজক থেকে শুরু করে টেকনিশিয়ান সর্বক্ষেত্রে একছত্র আধিপত্য চালিয়ে গিয়েছেন স্বরূপ বিশ্বাস বলেও দাবি অনেকের।
মঙ্গলবার দুপুরে স্বরূপকে সুরুচি সংঘের পুজোর মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রায় চার ঘণ্টা তল্লাশি চালায় পুলিশ। এর পরে বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়। তালা ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করতে হয় তদন্তকারীদের বলে জানা গিয়েছে।