• রাজ্যসভা ভোট: কংগ্রেস প্রার্থী মীনাক্ষীর মনোনয়ন খারিজ, বিজেপিকে নিশানা হাত শিবিরের
    বর্তমান | ১১ জুন ২০২৬
  • ভোপাল: নির্বাচনি হলফনামায় ফৌজদারি মামলার সম্পূর্ণ তথ্য দেননি। এই অভিযোগে মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। মধ্যপ্রদেশ বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, মীনাক্ষী তাঁর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখার পর রিটার্নিং অফিসার কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছে। বিজেপিই প্রথম এই বিষয়টি নিয়ে সরব হয়। গেরুয়া শিবির অভিযোগ করে, তেলেঙ্গানায় মীনাক্ষির বিরুদ্ধে ওই মামলা চলছে। মনোনয়নপত্রে সেটির উল্লেখ না করা তথ্য গোপন করার শামিল। যদিও কংগ্রেস পালটা দাবি করে, এই অভিযোগ ভিত্তিহীন। মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিংহর ও কংগ্রেসের অন্য নেতারা জানান, মীনাক্ষির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তেলেঙ্গানার আদালত শুধু নোটিস জারি করেছিল, মামলা দায়ের হয়নি। কংগ্রেস প্রার্থীর আইনজীবী সেই নোটিসের জবাবও দিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ফৌজদারি মামলা দায়ের হলেই, তা হলফনামায় উল্লেখ করতে হয়। যদিও, শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিলই হয়ে গেল।

    আগামী ১৮ জুন মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধায়ক সংখ্যার নিরিখে দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত। কিন্তু তৃতীয় আসনে জয়ের জন্য অন্য দলের উপর ভরসা করতে হত তাদের। অন্যদিকে, তৃতীয় আসনে জয়ের জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা হাত শিবিরের ছিল। কিন্তু কংগ্রেস প্রার্থী মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে গেল মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে সরব কংগ্রেস। দলের নেতা কেসি বেণুগোপালের দাবি,  ‘এই ঘটনা বিজেপির তরফে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র’। তিনি আরও বলেছেন, কংগ্রেস বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না। এব্যাপারে আইনি ও রাজনৈতিক লড়াই চালাবে দল। মনোনয়ন বাতিলেরর প্রতিবাদ জানাতে এদিন সন্ধ্যায় দিল্লি নির্বাচন কমিশনের 

    দপ্তরে যায় বেণুগোপালের নেতৃত্বাধীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে ঢুকতে বাধা পেয়ে ধরনায় বসেন কংগ্রেস নেতৃত্ব। পরে কমিশন এক বিবৃতিতে জানায়, বুধবার বেলা ১২টায় কংগ্রেস প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)