নয়াদিল্লি, 10 জুন: দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি ৷ বুধবার 4 হাজার 399 দিনের নিরবচ্ছিন্ন কার্যকাল সম্পূর্ণ করে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাপিয়ে গেলেন। এদিনই দিল্লির ভারত মণ্ডপমে বৈঠক বসেছে এনডিএ ৷ হাজির ছিলেন এনডিএ-র সব শরিকদলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির মুখ্যমন্ত্রীরা ৷ সেই বৈঠকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ঝালমুড়ি ৷ রীতিমতো ঝালমুড়ির স্টল করা হয়েছে সেখানে ৷ যেখানে নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ৷
1952 সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন জওহরলাল নেহরু ৷ 13 মে শপথ গ্রহণ করেন ৷ 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন ৷ তাঁর সেই মেয়াদকাল ছিল 4 হাজার 398 দিনের । 1947 থেকে 1952 সাল পর্যন্ত নেহরুর আগের সময়কালটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ৷ তখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি । ইন্দিরা গান্ধি 1966 থেকে 1984 সাল পর্যন্ত মোট 14 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তবে তাঁর এই মেয়াদকাল ছিল বিরতিযুক্ত । জরুরি অবস্থা প্রত্যাহারের পর 1977 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি পরাজিত হন । সেই সব রেকর্ড ভেঙে দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁকে বিশ্ব নেতারা যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমনই এনডিএ শরিক দলের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন ৷
এদিন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানেই ঝালমুড়ি খেতে দেখা গেল তাঁকে ৷ বাংলার বিধানসভা ভোটের প্রচারে এসে ঝাড়গ্রামে একটি দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর বিজেপির কাছে রীতিমতো ব্র্যান্ড হয়ে ওঠে ঝালমুড়ি ৷
বাংলায় জয়ের পর দেশের বিভিন্ন প্রান্তের বিজেপির নেতা-কর্মীরা ঝালমুড়ি খেয়েই উদয়াপন করেছিলেন ৷ বিদেশেও যখন প্রদানমন্ত্রী যখন গিয়েছেন তখনও তাঁর গলায় উঠে এসেছে ঝালমুড়ির প্রসঙ্গ ৷ এমনকী বাংলায় বিজেপির বিপুল জয়ের পর দিল্লি সদর দফতরেও বিজেপি নেতাদের দেখা গিয়েছে ঝালমুড়ি খেয়ে জয় উদযাপন করতে ৷ শুধু তাই নয়, বাংলার প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও ছিল ঝালমুড়ি ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷
ভারত মণ্ডপের সভায় ঝালমুড়ি স্টলে আসলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তাঁকে ঝালমুড়ির প্লেট এগিয়ে দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ৷ খোশ মেজাজে ঝালমুড়ি নিয়ে আড্ডায় মেতে উঠলেন হাজির সকলেই ৷ ওয়াকিবহল মহলের মতে, এর থেকে স্পষ্ট ঝালমুড়ি-রাজনীতি থেকে এখনই সরে আসছে না বিজেপি ৷ বরং এই বিষয়টিকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন মোদি-শাহরা ৷