সেপ্টেম্বর থেকে শহরে বড় বদল! বাড়ি থেকে বেরিয়ে 'এই' কাজ করলেই জরিমানা, সাবধান করলেন অগ্নিমিত্রা
News18 বাংলা | ১১ জুন ২০২৬
রাস্তায় বেরিয়ে ভুলেও এই কাজ করবেন না। এই কাজ করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা! শহর পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ সরকারের। শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এবার আরও কঠোর হচ্ছে প্রশাসন। রাস্তায় বেরিয়ে কিছু অভ্যাস যদি আপনি এখনও না বদলান, তা হলে এবার কিন্তু গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত! সম্প্রতি জনকল্যাণ উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জলপাইগুড়ি শহর পরিদর্শনে এসে এ কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
শহরের সৌন্দর্য নষ্ট করে এমন কোনও কাজ আর বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই শহরের রাস্তাঘাট, সরকারি অফিস ও জনবহুল এলাকাগুলিকে পরিষ্কার ও পরিপাটি রাখতে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এই প্রচেষ্টার মাঝেই কিছু অসচেতন মানুষ এখনও যেখানে-সেখানে থুথু ফেলছেন, বিশেষ করে পান, গুটখা বা তামাকজাত দ্রব্য খাওয়ার পর। এতে পরিবেশ তো নোংরা হচ্ছেই সঙ্গে জনস্বাস্থ্যের দিক থেকেও তৈরি হচ্ছে বড়সড় ঝুঁকি। তাই এবার এই অভ্যাসের উপর লাগাম টানতে কড়া নজরদারি শুরু হতে চলেছে।
মন্ত্রী জানিয়েছেন, “কোথাও পান বা গুটখার পিক ফেলতে ধরা পড়লেই জরিমানা অনিবার্য। রাস্তায় যত্রতত্র প্রস্রাব করা কিংবা বাড়ির আবর্জনা নির্দিষ্ট জায়গা ছাড়া অন্যত্র ফেলা…এই সব ক্ষেত্রেও নেওয়া হবে একই রকম কড়া ব্যবস্থা। পুরসভা খুব শীঘ্রই সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেবে এবং নিয়ম ভাঙলেই সরাসরি ফাইন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা বাড়ির বিরুদ্ধে।
জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই নতুন নিয়ম কা”র্যকর হতে পারে। তাই এখনই সময় নিজেকে সচেতন করার। না হলে বাড়ি থেকে বেরোলেই পকেট হালকা হওয়ার সম্ভাবনা থাকছে। এ বিষয়ে জলপাইগুড়ি শহরের এক বাসিন্দা তন্ময় মিত্র খানিক হাসি মুখেই জানালেন, ‘খুব ভাল উদ্যোগ। তবে যারা গুটখা, পান খায় তাদের একটু অসুবিধা হবে। তবে অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু এত টাকাটাই চিন্তার!’
অন্যদিকে, শুভ্রা দাস জানান, “শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভাল উদ্যোগ সরকারের। এতে মানুষ নোংরা করার আগে ভাববেন! তাই এখন থেকেই সচেতন হওয়া দরকার।” পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। কারণ, সচেতনতার মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ।