• মন্ত্রীর মানবিক মুখ! রাস্তার ধারে অচৈতন্য যুবককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছলেন জোয়েল মুর্মু
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী তথা হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। বুধবার মালদহ-নালাগোলা রাজ্য সড়ক ধরে মালদহ শহরে জেলা প্রশাসনিক ভবনের বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী। সেই সময় হবিবপুরের কেরোসিন তেল ডিপু সংলগ্ন এলাকায় এক যুবককে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি কনভয় থামানোর নির্দেশ দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মন্ত্রী নিজেই উদ্ধারকাজে হাত লাগান।

    জানা গিয়েছে, আহত যুবকের নাম বিপ্লব বর্মন। তাঁর বাড়ি হবিবপুরের পূর্বপাড়া এলাকায়। যুবকের মাথায় গুরুতর আঘাত লক্ষ্য করে মন্ত্রী তাঁকে নিজের গাড়িতে তুলে দ্রুত বুলবুলচণ্ডির আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছে স্ট্রেচারে করে নামিয়ে চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। মন্ত্রী জানান, “হবিবপুর থানায় আলোচনা সেরে মালদহে প্রশাসনিক বৈঠকে যাচ্ছিলাম। পথে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে এমন হয়েছে, তা তখন বোঝা যায়নি। তবে মাথায় গুরুতর চোট থাকায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

    তবে কী কারণে যুবকটি অচৈতন্য হয়ে পড়েছিলেন বা তিনি কোনও দুর্ঘটনার শিকার হয়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ও আশপাশের এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ। মন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন পদক্ষেপ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
  • Link to this news (News18 বাংলা)