• অপহৃত নাগাদের দেহ উদ্ধার হতেই ফের বিক্ষোভ, মণিপুরে বনধের ডাক
    এই সময় | ১১ জুন ২০২৬
  • এক মাস পরে উদ্ধার হলো অপহৃত হওয়ার নাগা উপজাতির ছ'জনের দেহ। এই দেহ উদ্ধার হতেই নতুন করে বিক্ষোভ মণিপুরে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সেখানে, আজ বৃহস্পতিবার, বনধরে ডাক দিয়েছে নাগাদের সংগঠন। ওই ঘটনার কড়া নিন্দা করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

    প্রসঙ্গত, গত ১৩ মে কাংপোকপি জেলায় থাদো সম্প্রদায়ের (Thadou community) তিনজন চার্চ নেতাকে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই দিনই ,মণিপুরের বিভিন্ন এলাকায় থেকে কুকি সম্প্রদায়ের ২৮ জন এবং নাগা জনজাতির ২০ জনকে অপহরণ করা হয়। ২০ জন নাগাদের মধ্যে ১৮ জনকেই কাংপোকপি জেলার লেইলন ভাইফেই (Leilon Vaiphei) থেকে অপহরণ করা হয়েছিল। ১৫ মে, নাগারা অপহৃত ২৮ জন কুকি সাধারণ নাগরিকের মধ্যে ১৪ জনকে মুক্তি দেয়; একইভাবে কুকিরাও ১৪ জন নাগা ব্যক্তিকে মুক্তি দেয়। তাঁদের মধ্যে লেইলন ভাইফেই থেকে অপহৃত ১৮ জনের মধ্যে ১২ জন ছিলেন। তবে ওই ৬ জনের খোঁজ না পেয়ে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছিল নাগারা।

    বুধবার, মণিপুর পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানায়, তল্লাশি চালিয়ে ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহগুলি লেইলন ভাইফেই থেকে অপহৃতদের বলেও সন্দেহ করে পুলিশ।

    ওই অপহৃত ছ’জনের দেহ উদ্ধারের পরে তীব্র নিন্দা জানিয়েছে মণিপুরের নাগা সম্প্রদায়গুলোর শীর্ষ সংগঠন ইউনাইটেড নাগা কাউন্সিল (United Naga Council)। এই ঘটনাকে মানবাধিকারের চরম ও গুরুতর লঙ্ঘন এবং মানবিক মর্যাদার প্রতি চরম অবমাননা হিসেবে অভিহিত করেছে তারা। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানানোর পাশাপাশি বৃহস্পতিবার মণিপুরে বনধের ডাকও দিয়েছে ওই সংগঠন।

    এই ঘটনার সঙ্গে কুকিদের সংগঠন জড়িত বলেও দাবি তাদের। নেমচা কিপগেনকে অবিলম্বে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবিও জানিয়েছে নাগারা।

    এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মণিপুরে মুখ্যমন্ত্রীও। এই ধরনের হিংসা বরদাস্ত করবে না সরকার বলেও জানিয়েছেন তিনি। এই নৃশংসতার বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করবে না প্রশাসন বলেও জানিয়েছেন মণিপুরে মুখ্যমন্ত্রী। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত আইনি পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)