• অনলাইনে তৎকাল টিকিট: দুর্ভোগ কাটবে এআই–তে?
    এই সময় | ১১ জুন ২০২৬
  • এই সময়: বুকিং উইন্ডো খোলার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ। এমনকী, তৎকালেও এক অবস্থা। বহু বছর ধরেই অনলাইনে তৎকাল টিকিট পাওয়া সাধারণ যাত্রীদের কাছে হাতে কার্যত চাঁদ পাওয়ার সামিল। ক্যাপচা কোড বসানোর আগেই কিংবা যাত্রীর সব তথ্য পূরণ করতে করতেই উধাও টিকিট। বছরের পর বছর এমনটা হওয়ার ফলে যাত্রীদের বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে, বিশেষ কোনও কম্পিউটার প্রযুক্তির সাহায্য নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সব টিকিট কেটে ফেলছেন। সেই সমস্যার সমাধানে এ বার রেল এবং ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর প্রযুক্তি চালু করেছে অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে।

    এ বছর মে মাসে রেল পরীক্ষামূলক ভাবে গোটা দেশে নতুন ‘সিটিজ়েন ফার্স্ট রেল টিকেটিং অ্যান্ড এআই শিডিউলিং’ সিস্টেম চালু করেছে। এখানে জালিয়াতি ধরতে এআই, বট–এর মাধ্যমে টিকিট বুকিংয়ে সুরক্ষা ও ট্রেন শিডিউলিং বিশ্লেষণের স্মার্ট ব্যবস্থা রয়েছে। রেলের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, টিকিটের কালোবাজারি বন্ধ করা এবং প্রকৃত যাত্রীদের জন্য টিকিট পাওয়ার ন্যায্য সুযোগকে আরও সহজ করে তোলা।

    এআই-নির্ভর নতুন এই ব্যবস্থায় টিকিট বুকিংয়ের সময়ে ‘সন্দেহজনক’ কাজকর্ম মুহূর্তের মধ্যেই শনাক্ত করা যাবে। এই প্রযুক্তি অস্বাভাবিক ভাবে দ্রুত টাইপ করার ধরন, স্বয়ংক্রিয় ভাবে যাত্রীর তথ্য পূরণ করার সফ্‌টওয়্যারের ব্যবহার, তৎকাল বুকিংয়ের সময়ে বট–এর মতো আচরণ, একই আইপি অ্যাড্রেস থেকে একাধিক বুকিংয়ের চেষ্টা, অস্বাভাবিক দ্রুত গতিতে পেমেন্ট সম্পন্ন হওয়া–র মতো ব্যাপার–স্যাপারকে চিহ্নিত করতে পারে। যেমন, অস্বাভাবিক দ্রুততায় কোনও যাত্রীর সকল তথ্য পূরণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট পেজে পৌঁছে যাওয়াকে এআই বট-চালিত কাজ বলে সন্দেহ করতে পারে। এ রকম ক্ষেত্রে ওই অ্যাকাউন্ট বা বুকিং সেশন সঙ্গে সঙ্গেই ব্লক করা হতে পারে।

    যাত্রীদের অভিযোগ ছিল, এতদিন ব্যস্ত সময়ে আইআরসিটিসি-র সার্ভার ধীর গতির হয়ে পড়ত বলে কয়েক সেকেন্ডের মধ্যেই টিকিট শেষ হয়ে যেত। এজেন্টদের একাংশ বেআইনি সফ্‌টওয়্যার ও স্ক্রিপ্ট ব্যবহার করতেন, মানুষের তুলনায় বট অনেক দ্রুত টিকিট বুক করতে পারত। ফলে, কনফার্মড টিকিট পাওয়ার আশায় থাকা সাধারণ যাত্রীদের মধ্যে তৈরি হতো ব্যাপক হতাশা ও অসন্তোষ।

    নতুন এআই-নির্ভর শিডিউলিং ব্যবস্থা টিকিট বুকিংয়ের পাশাপাশি বিভিন্ন রুটে যাত্রীদের চাহিদার পরিস্থিতিও বিশ্লেষণ করবে। এআই বিশেষ ভাবে নজর রাখবে ‘হাই ডিমান্ড’ রুটে, কোচ অকুপ্যান্সি, প্যাসেঞ্জার ট্র্যাফিক প্যাটার্নের মতো বিষয়ে। কোনও নির্দিষ্ট রুটে যদি টিকিটের চাহিদা হঠাৎ খুব বেশি বেড়ে যায়, তা হলে রেল কর্তৃপক্ষকে অতিরিক্ত কোচ দেওয়া, ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো, অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করার মতো বিষয়েও এআই পরামর্শ দিতে পারবে।

    আইআরসিটিসি আইডি–র সঙ্গে আধার সংযুক্ত করে যাত্রীরা তাঁর প্রোফাইল ভেরিফিকেশন করে রাখতে পারেন। আইআরসিটিসি মাস্টার লিস্ট তৈরি করতে পারেন যাত্রী। ওই তালিকায় যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগে থেকেই ভরা থাকবে। ফলে, বুকিংয়ের সময়ে বারবার তথ্য টাইপ করতে হবে না এবং সময় বাঁচবে। পেমেন্টের জন্য ইউপিআই বা আইআরসিটিসি ওয়ালেট যাত্রী ব্যবহার করবেন। আর বুকিং উইন্ডো খোলার আগেই লগইন করুন।

  • Link to this news (এই সময়)