এই সময়, ভাঙড়: ভাঙড়ে আইএসএফ একে একে দখল করছে তৃণমূলের সাম্রাজ্য। কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়–১ ব্লকের বোদরা পঞ্চায়েতে অনাস্থা এনেছিল আইএসএফ। এ বার ওই ব্লকের শাঁকশহর ও প্রাণগঞ্জ পঞ্চায়েতেরও দখল নিল তারা।
২০২৩–এর পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়–১ ব্লকের ন'টি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল নেতা শওকত মোল্লার নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থীরা। ফলে শাঁকশহর ও প্রাণগঞ্জ পঞ্চায়েতে দখল নেয় তৃণমূল। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর ভাঙড়ের অধিকাংশ তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েতে যাওয়া বন্ধ করেছেন। অনেকেই যোগদান করেন আইএসএফে। ফলে আইএসএফ সদস্য সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাঁদের পছন্দের প্রার্থীরাই নতুন করে প্রধান, উপপ্রধানের চেয়ারে বসছেন।
আইএসএফ সূত্রে খবর, শাঁকশহর পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে পঞ্চায়েত প্রধান নিখিল মণ্ডল–সহ ১২ জন সদস্য সম্প্রতি আইএসএফে যোগদান করেন। অন্যদিকে প্রাণগঞ্জ পঞ্চায়েতের ৩০টি আসনের মধ্যে প্রধান অপর্ণা দাস–সহ ১৯ জন সদস্য আইএসএফে যোগ দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্য আইএসএফে যোগদান করায় এ বার থেকে ওই দু'টি পঞ্চায়েতই আইএসএফ পরিচালনা করবে।
আইএসএফ নেতা আরাবুল ইসলাম বলেন, 'তৃণমূল নেতাদের নানা দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে অনেক পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগদান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙড়ের এক তৃণমূল নেতা বলেন, 'ভোটের পরে আমাদের নেতা–কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো ও হেনস্থা করা হচ্ছে। আইএসএফে যোগদান ছাড়া আর কোনও উপায় নেই।'