• কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে মিলল ১.৭৭ কোটি টাকা, আটক হিসাবরক্ষক
    এই সময় | ১১ জুন ২০২৬
  • রাতভর তল্লাশি অভিযান শেষে কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলের তালাবন্ধ ঘর থেকে মিলল প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই স্কুলের হিসাবরক্ষক অভীক নাথকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস জানার চেষ্টা চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার পাহাড় উদ্ধার হওয়ার পরে রাতে তিনটি গণনাযন্ত্র আনা হয়েছিল স্কুলে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত টাকা গণনার কাজ চলে। এর পরে উদ্ধার হওয়া নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, টাকা কোত্থেকে এল, কেন তা স্কুলের বন্ধ ঘরে রাখা হলো, এ সবের কোনও সন্তোষজনক ব্যাখ্যা এখনও দিতে পারেননি আটক হওয়া হিসাবরক্ষক।

    গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে স্কুলে তল্লাশি অভিযান চালায় বীজপুর থানার পুলিশ। সেই অভিযানে স্কুলের একটি তালাবন্ধ ঘর থেকে টাকার আটটি প্যাকেট উদ্ধার হয়। স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পালের দাবি, ওটা স্কুলের ভর্তির টাকা। এপ্রিল মাস থেকে এই টাকা ব্যাঙ্কে না জমা রেখে অ্যাকাউন্ট্যান্ট স্কুলে রেখে দিয়েছেন বলেও তাঁর দাবি। তবে কেন ব্যাঙ্কে জমা না রেখে ওই টাকা স্কুলে রাখা হয়েছিল, তা তিনি জানেন না। তাঁর অজান্তেই সব কিছু ঘটেছে বলেও দাবি করেছেন প্রিন্সিপাল।

    রাতে স্কুলে গিয়েছিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তাঁর দাবি, বীজপুরবাসীর গর্বের ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সুদীপ্তর অভিযোগ, ইডি, সিবিআই-এর ভয়ে কালো টাকা লুকিয়ে রাখার জন্য স্কুলকে ব্যবহার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)