লক্ষ্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, তৃণমূলের পর এবার আরও এক বিরোধী দল ভাঙাচ্ছে NDA!
প্রতিদিন | ১১ জুন ২০২৬
যেনতেন প্রকারে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তৃণমূল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই লোকসভার ১৯ তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনাস্থা প্রকাশ এনডিএ-তে যোগদানের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে। শোনা যাচ্ছে, এবার আরও একটি দলের দিকে নজর গিয়েছে এনডিএ শিবিরের। তৃণমূলের ধাঁচেই এবার ভাঙা হতে পারে উদ্ধব ঠাকরের শিব সেনা।
দিন কয়েক ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা শোনা যাচ্ছিল, একনাথ শিণ্ডের শিব সেনা এবং উদ্ধব ঠাকরের শিব সেনা ফের এক ছাতার তলায় আসা নিয়ে আলোচনা শুরু করেছে। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে এবার অন্য এক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। শিণ্ডে সেনা সূত্রের দাবি, এক ছাতার তলায় আসা নয়। বরং উদ্ধব ঠাকরের দলে আরও বড় ভাঙন ধরতে চলেছে। একসঙ্গে শিব সেনা ইউবিটির ৭ সাংসদ যোগ দিতে পারেন শিণ্ডে শিবিরে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডের সঙ্গে নাকি উদ্ধব শিবিরের ৯ জন সাংসদের মধ্যে সাতজন একযোগে যোগাযোগ করেছেন। ইতিমধ্যেই দিল্লিতে ওই ৭ সাংসদের বৈঠক হয়েছে শিণ্ডের সঙ্গে। তাছাড়া এই প্রথম নয়, গত কয়েকমাস ধরেই এই সাংসদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে শিণ্ডে শিবিরের। তাঁরা খুব দ্রুত উদ্ধবের সঙ্গ ছেড়ে শিণ্ডে শিবিরে শামিল হতে পারেন। একসঙ্গে সাত লোকসভার সাংসদ দল ভাঙালে দলত্যাগ বিরোধী আইনের গেরোতেও পড়তে হবে না। অর্থাৎ যে সূত্রে তৃণমূলে ভাঙন ধরছে, সেই একই সূত্রে উদ্ধব সেনাও ভাঙতে চায় এনডিএ শিবির।
যদিও শিব সেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত এই জল্পনা উড়িয়ে দিচ্ছেন। তাঁর দাবি, উদ্ধবের দল একত্রিত এবং ঐক্যবদ্ধ। এই ধরনের ভাঙন জল্পনার কোনও বাস্তব ভিত্তি নেই। কিন্তু সদ্য যেভাবে তৃণমূলে ভাঙন ধরেছে তাতে ওই জল্পনা ফুঁৎকারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে বিজেপি যেভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মরিয়া চেষ্টা করছে, তাতে যে কোনও সময় যে কোনও বিরোধী দলের ঘর ভাঙানোর চেষ্টা করতে পারেন মোদি-শাহরা। সেদিক থেকে দেখতে গেলে উদ্ধবের দল সফট টার্গেট। মহারাষ্ট্রের বিধানসভায় ভরাডুবি এবং বৃহন্মুম্বই পুরনিগম হাতছাড়া হওয়ার পর উদ্ধব এখন রাজনৈতিকভাবে সবচেয়ে দুর্বল।