এবার ইস্তফা প্রকাশ রবাইকের, রাজ্যসভাতেও বাড়ছে তৃণমূলের ‘বিদ্রোহী’ মুখ
বর্তমান | ১১ জুন ২০২৬
নয়াদিল্লি, ১১ জুন: লোকসভার পর এবার রাজ্যসভা। ক্রমশ বাড়ছে তৃণমূলের পদত্যাগী সাংসদের সংখ্যা। সেইসঙ্গে আরো প্রকট হয়ে উঠল ঘাসফুলের ভাঙন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবের পর এবার ইস্তফা দিলেন প্রকাশ চিক রবাইক। আজ, বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণানের কাছে ইস্তফাপত্র পেশ করেছেন তিনি। একসপ্তাহের মধ্যে তৃণমূলের এই নিয়ে তিনজন সদস্য রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন।
২০২৩ সাল। একদা চা শ্রমিক প্রকাশ রবাইককে রাজ্যসভায় পাঠিয়ে সবাইকে চমকে দিয়েছিল তৃণমূল। কিন্তু রাজ্য বিধানসভার ফলপ্রকাশের পর থেকেই ‘বিদ্রোহ’ ঘাসফুলে। সেই আবহে এমন একজন আদিবাসী সাংসদকে ধরে রাখতে ব্যর্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা।
প্রকাশ রবাইক ইস্তফা দেওয়ায় রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে দশে এসে ঠেকল। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আগামী দিনে সেই সংখ্যা আরো কমতে চলেছে। এক সপ্তাহের মধ্যে আরো তিনজন ইস্তফা দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে।