ধূলাগড়ে যুবক খুন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে আততায়ী
বর্তমান | ১১ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ধূলাগড়ে ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রহস্যভেদ করল হাওড়া সিটি পুলিশ। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরানো বিবাদ ও আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যার জেরেই এই খুন।
মঙ্গলবার সকালে সাঁকরাইল থানার ধূলাগড় ট্রাক টার্মিনালের কাছে জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে শাড়ি পরিহিত এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মৃতের পরিচয় জানা যায়। তিনি ধূলাগড়ের বাসিন্দা গোপাল সরকার (৩৭)। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হলে প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুনের বিষয়টি সামনে আসে। তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল গঠন করে হাওড়া সিটি পুলিশ। প্রথমে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খুঁটিয়ে দেখা হয়। পাশাপাশি কাজে লাগানো হয় পুলিশের নিজস্ব সোর্স নেটওয়ার্ককে। তদন্তে একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসতেই বিহারের বাসিন্দা হ্যাপিকুমার সিংকে (৩০) চিহ্নিত করা হয় এবং দ্রুত তাকে গ্রেপ্তার করা হয়।
হাওড়া সিটি পুলিশের ডিসি (সাউথ) গণেশ বিশ্বাস জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও নিজস্ব সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃত ব্যক্তি গামছা দিয়ে গলা চেপে গোপাল সরকারকে খুন করার কথা স্বীকার করেছে। বুধবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তি পুরুষ যৌনকর্মী ছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। নিজস্ব চিত্র