• উদয়নারায়ণপুরে কর্মতীর্থ থেকে গাছবোমা, মদের বোতল উদ্ধার
    বর্তমান | ১১ জুন ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: কর্মতীর্থের ঘর থেকে উদ্ধার হল গাছবোমা, মদের বোতল এবং ত্রাণসামগ্রী। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে উদয়নারায়ণপুর বিধানসভার আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পেঁড়ো থানার পুলিশ সামগ্রীগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

    জানা গিয়েছে, আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সংখ্যালঘু দপ্তরের অর্থে একটি কর্মতীর্থ তৈরি হয়েছিল। কিছু দোকান বিলি করা হলেও কিছু এখনও পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কর্মতীর্থের একটি ঘর তৃণমূলের নেতা, কর্মীরা দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করতেন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ঘরে তল্লাশি চালালে ভিতর থেকে মদের বোতল, ত্রিপল, এমনকী গাছবোমাও উদ্ধার হয়। বিজেপি নেতা প্রভাকর পণ্ডিত দোষীদের গ্রেপ্তারি দাবি করেন।

    অন্যদিকে বাগনান, উদয়নারায়ণপুরের আরডিএ অঞ্চলের পর এবার গড়ভবানীপুরে একটি বন্ধ দোকানঘর এবং আমতা বিধানসভার তাজপুরে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। দুটি জায়গাতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার রাতে গড়ভবানীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বন্ধ দোকানঘর থেকে প্রচুর পরিমাণে ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ। বিজেপির অভিযোগ, বিধায়ক সমীর পাঁজা এইসব ত্রাণসামগ্রী সাধারণ মানুষকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। যদিও রাতেই বিধায়ক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন, এইসব জিনিস ফেরত নেওয়ার জন্য তিনি আগেই জেলাশাসককে আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে, একই অভিযোগে বুধবার সকালে আমতার তাজপুরে প্রাক্তন বিধায়ক সুকান্ত পালের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে ত্রাণসামগ্রী উদ্ধার করে।
  • Link to this news (বর্তমান)