তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের ২৮ সদস্যের
বর্তমান | ১১ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে পালাবদল হতেই এবার বড়োসড়ো রাজনৈতিক টানাপোড়েনের মুখে হাওড়া জেলা পরিষদ। ক্ষমতাসীন তৃণমূলের একাংশ বর্তমান সভাধিপতি ও সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বুধবার জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষের নেতৃত্বে ২৮ জন সদস্যের স্বাক্ষর সহ অনাস্থা প্রস্তাব প্রেসিডেন্সি বিভাগের হাওড়ার দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল কমিশনারের কাছে জমা পড়েছে।
অনাস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তুষারকান্তি ঘোষ অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে জেলা পরিষদে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও স্বজনপোষণের পরিবেশ তৈরি হয়েছে। উন্নয়নের একাধিক কাজ কার্যত থমকে গিয়েছে। বিষয়টি বারবার সভাধিপতি কাবেরী দাস এবং সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যের নজরে আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। নির্বাচিত সদস্যদের মতামত ও গুরুত্ব ধারাবাহিকভাবে উপেক্ষিত হয়েছে।’ তুষারকান্তি ঘোষের আরও দাবি, দীর্ঘদিন ধরেই হাওড়া জেলা পরিষদের নিয়ন্ত্রণ ছিল উলুবেড়িয়া দক্ষিণের বিধায়কের হাতে। যদিও তাঁর নাম সরাসরি উল্লেখ না করলেও অভিযোগের তির যে পুলক রায়ের দিকে, তা তাঁর কথাতেই স্পষ্ট। তাঁর দাবি, ওই নেতার প্রত্যক্ষ প্রভাবেই জেলা পরিষদে দুর্নীতি, স্বজনপোষণ এবং একতরফা সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে ওঠে। জেলার অন্যান্য গ্রামীণ এলাকার প্রতিনিধিদের গুরুত্ব না দিয়ে উলুবেড়িয়া থেকেই জেলা পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো বলে অভিযোগ তুলেছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে এই কারণেই অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তুষারকান্তি।
অনাস্থা প্রস্তাবে সই করা বাকি সদস্যদের কথায়, ৪২ জনের জেলা পরিষদে ইতিমধ্যেই ২৮ জন অনাস্থার পক্ষে সই করেছেন এবং আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়বে। কয়েকজন কর্মাধ্যক্ষও নৈতিক সমর্থন জানিয়েছেন বলে তাঁদের দাবি। সরকারের কাছে প্রয়োজনীয় নথি জমা পড়েছে এবং খুব শীঘ্রই অনাস্থা নিয়ে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হবে বলে তাঁরা জানান। বিষয়টি নিয়ে হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, ‘এ ধরনের কোনো চিঠি এখনও আমাদের হাতে আসেনি। সরকারিভাবে বিষয়টি জানানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’ অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায় জানান, ‘এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নিয়েই তিনি প্রতিক্রিয়া দেবেন।’ নিজস্ব চিত্র